ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে কমিশনের উপ সহকারী পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক ছাড়া এ মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন, জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক (কাজী কামাল), সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ ও শরফুদ্দিন আহমেদ।
মামলায় অভিযোগে বলা হয়, ১৯৯১-১৯৯৬ সময়কালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংক রমনা শাখায় একটি হিসাব খোলেন। একটি বিদেশি সংস্থা ১৯৯১ সালের ৯ জুন ওই হিসাবে ইউনাইটেড সৌদি কর্মাশিয়াল ব্যাংকের মাধ্যমে অনুদান হিসেবে ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা দেয়।
ওই টাকা দীর্ঘ দুই বছর কোনো এতিমখানায় না দিয়ে জমা রাখা হয়। এরপর জিয়া পরিবারের তিন সদস্যকে (তারেক, আরাফাত এবং মমিনুর) দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করে এর নামে বরাদ্দ দেওয়া হয়।
মামলায় অভিযোগ করা হয়, ওই ট্রাস্ট গঠনের ক্ষেত্রে সরকারী নীতিমালা মানা হয়নি। এছাড়াও ট্রাস্টের ঠিকানা হিসেবে খালেদা জিয়ার সেনানিবাসের ৬ নম্বর মইনুল রোডের বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে।
পরবর্তীতে ওই টাকা দুইভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়।
মামলায় আরও বলা হয়, ১৯৯৩ সালে অনুদানের অর্থ থেকে বগুড়া জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫'শ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থ থেকে ২ লাখ ৭৭ হাজার টাকা ট্রাস্টের নামে বগুড়ায় প্রায় তিন একর জমি কেনা হয়। কিন্তু অবশিষ্ট টাকা এতিমখানায় ব্যয় না করে দীর্ঘ ১৩ বছর ব্যাংকে জমা রাখা হয়। পরে তা সুদে আসলে বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৭'শ ৫৭ টাকায়।
কমিশনের অনুসন্ধানে দেখা যায়, ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান ও মমিনুর রহমানকে দিয়ে তিন কিস্তিতে ৬ টি চেকের মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ টাকা তুলে প্রাইম ব্যাংকের গুলশান শাখায় স্থায়ী আমানত (এফডিআর) করেন।
এরপর বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ ও শরফুদ্দিন আহমেদের প্রাইম ব্যাংকের নিউ ইস্কাটন শাখার ব্যক্তিগত হিসাবের মাধ্যমে ওই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে।
মামলায় জিয়া অরফানেজ ট্রাষ্টকে 'নাম সর্বস্ব ও অস্তিত্বহীন' হিসেবে উলে
bdnews24