ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি জুলাইয়ে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বুধবার অধিদপ্তর এ সম্ভাবনার কথা জানায়।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ হতে পারে। এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।"
বেশি বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যা হতে পারে জানিয়ে তিনি বলেন, এতে অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাইফুল হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদ-নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়লেও কোথাও তা বিপদ সীমার ওপরে যায়নি। তাই দেশের কোথাও এখনো বন্যাপরিস্থিতি সৃষ্টি হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/২১০৮ ঘ.
bdnews24