২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ ও ঝালকাঠিতে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ ও ঝালকাঠিতে মঙ্গলবার রাতে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণপিটুনিতে মারা গেছে দুইজন। ঝালকাঠি শহরে কয়েকজন লোক পিটিয়ে মেরেছে এক বৃদ্ধকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ ও ঝালকাঠিতে মঙ্গলবার রাতে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণপিটুনিতে মারা গেছে দুইজন। ঝালকাঠি শহরে কয়েকজন লোক পিটিয়ে মেরেছে এক বৃদ্ধকে। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামের উত্তর পাড়ায় চোর সন্দেহে গ্রামবাসী পিটিয়ে মেরেছে দুইজনকে। এরা হলেন- আওলাদ হোসেন বিশ্বাস (৪২) ও ইয়ার আলী জমাদ্দার (৩৫)। এলাকাবসীর বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়েরুদ্দিন আহম্মেদ জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বর্নি উত্তরপাড়ার বিনয় বিশ্বাসের বাড়িতে ওই দুই চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শতশত গ্রামবাসী তাদের পিটিয়ে ও কুপিয়ে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তারা মারা গেছে। তিনি আরও জানান, বর্নি ও তার আশপাশের গ্রামগুলোতে প্রায় রাতে চুরির ঘটনা ঘটত। চুরি করতে গিয়ে এ দুজন একাধিকবার ধরাও পড়ে। সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও অসংখ্য অভিযোগ ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি জানান, শহরের স্টেশন রোডের টিন পট্টি এলাকায় কয়েকজন লোক তোজম্বর আলী বেপারী (৬৫) নামরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। তোজম্মর আলী ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুটা মানসিক ভারসাম্যহীন তোজম্বর আলী রাত ৪টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। সকাল ৭টার দিকে বাড়ির লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঝালকাঠি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে তোজম্বরের ছেলে নান্নু বেপারী সদর থানায় বাদশা, ইদ্রিস মাঝি, সাঈদ, মনির ও জাকিরকে আসামি করে বুধবার একটি হত্যা মামলা করেছেন। এসআই নজরুল জানান, বাদশাকে আটক করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫২ ঘ.