২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানি হিসাবে যাত্রার প্রথম দিনেই বিটিসিএল'র একজন বরখাস্ত

কোম্পানি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যথাযথ গ্রাহক সেবা না দেওয়ায় কারণ দর্শাতে বলা হয়েছে আরেকজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুূলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোম্পানি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যথাযথ গ্রাহক সেবা না দেওয়ায় কারণ দর্শাতে বলা হয়েছে আরেকজনকে। বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড বিলুপ্ত করে গঠিত বিটিসিএল যাত্রা শুরু করে মঙ্গলবার। প্রথম দিনেই ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমডি আশরাফুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। রমনা এক্সচেঞ্জের একজনকে আজ (মঙ্গলবার) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেবার মান উন্নয়নে যা প্রয়োজন তাই করা হবে।" বিটিসিএল কর্মকর্তারা জানান, যথাযথ গ্রাহক সেবা না দেওয়ায় রমনা এক্সচেঞ্জের অপারেটর হোসনে আরাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকেও কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বিটিসিএল এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজেই গ্রাহক পরিচয়ে বিটিসিএল এর গ্রাহক সেবা নম্বর '১৮' তে ফোন করেন। কিন্তু অপারেটর হোসনে আরা তাকে প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হন। অসৌজন্যমূলক আচরণও করেন তিনি। বিষয়টি বিটিসিএল এর এমডিকে জানানো হলে হোসনে আরাকে সাময়িক বরখান্তের নির্দেশ দেওয়া হয়। কোম্পানির কর্মকর্তারা আরো জানান, প্রতিষ্ঠানটির কাজ শুরুর প্রথম দিনে এমডি'র প্রশাসনিক ক্ষমতার প্রস্তাবনা তৈরি করা হয়েছে। অর্থনৈতিক ক্ষমতা ও ক্রয় নীতির প্রস্তাবনা তৈরি হচ্ছে। এসব প্রস্তাবনা আগামী বোর্ড সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এছাড়া দ্রুত সাংগঠনিক কাঠামো তৈরির কাজে হাত দেওয়া হবে। মঙ্গলবার সরকারের সঙ্গে ভেন্ডরস চুক্তি স্বাক্ষর করে বিটিসিএল। চুক্তি অনুসারে বিলুপ্ত বিটিটিবির সব সম্পদ ও দায়দেনা বিটিসিএল কাছে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার) শামসুল কিবরিয়া ও বিটিসিএল এর পক্ষে এমডি আশরাফুল আলীম ও পরিচালনা পর্ষদের ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২৩১০ ঘ.