ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ওলে ডানবোল্ট মিয়োস আগামী ১৬ জুলাই ঢাকা আসছেন। তার সঙ্গে আসছেন নোবেল পিস সেন্টারের পরিচালক মিজ বেন্টে এরিকসেন।
মঙ্গলবার নরোয়েজিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার বিজয় নিয়ে 'জোবরা থেকে অসলো' শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে অধ্যাপক ওলে ডানবোল্ট বাংলাদেশে আসছেন।
আগামী ১৬ থেকে ২০ জুলাই গ্রামীণ ব্যাংক ভবনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই সকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ প্রদর্শনী উদ্বোধন করবেন। ওলে ডানবোল্ট ও বেন্টে এরিকসেন তাতে বিশেষ অতিথি থাকবেন।
ড. মুহম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/এমএইচবি/২২৫৭ ঘ.
bdnews24