২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন তহবিল গঠনের প্রস্তাব

বৈশ্বিক উষ্ণতার প্রভাবে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি অভিযোজন তহবিল গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক উষ্ণতার প্রভাবে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি অভিযোজন তহবিল গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ গ্র"পের সভায় বাংলাদেশের পক্ষে 'সার্ক ক্লাইমেট চেঞ্জ ফান্ড' নামে এ তহবিল গঠনের প্রস্তাব দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. আসাদুজ্জামান। তবে ভারতের বিশেষজ্ঞরা আলাদা তহবিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করে অভিযোজনের জন্য সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন তহবিল থেকে এ অর্থের জোগান দেওয়ার প্রস্তাব করেছে। মঙ্গলবার শেরাটন হোটেলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ে দু'দিনব্যাপী সার্ক বিশেষজ্ঞ গ্র"পের সভাটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়। আগামী বৃহস্পতিবার একই বিষয়ের ওপর সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপর্যায়ে বৈঠক হবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ওই বৈঠকটির উদ্বোধন করবেন। সভায় ড. আসাদুজ্জামান বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলো সবচে কম দায়ী হলেও সবচে বেশি ক্ষতির শিকার হচ্ছে।" জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে সার্কভুক্ত দেশগুলোর জন্য 'সার্ক ক্লাইমেট চেঞ্জ ফান্ড' গঠন করা উচিত বলে প্রস্তাব করেন তিনি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচারের (আইইউসিএন) আবাসিক প্রতিনিধি ড. আইনুন নিশাত ড. আসাদুজ্জামানের প্রস্তাবে সহমত জানান। সভায় উপস্থিত পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবারের সেশনে সার্ক জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাবো।" ২০০৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত চতুর্দশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রথমবারের মতো ঢাকায় জলবায়ু পরিবর্তনের ওপর সম্মেলন আয়োজনের প্রস্তাব করে। সদস্য দেশগুলো বাংলাদেশের এ প্রস্তাব সমর্থন করে। উল্লেখ্য, সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সার্ক দেশগুলোতে ইতোমধ্যে যে প্রভাব পড়েছে বা ভবিষ্যতে পড়বে সে বিষয়ে আলোচনা, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে সদস্য দেশসমূহের অভিযোজনের কর্মকৌশল নির্ধারণ ও অভিজ্ঞতা বিনিময়, নেতিবাচক প্রভাব মোকাবেলায় অর্থের উৎস ও প্রাপ্যতা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে সার্ক সদস্য দেশসমূহের অবস্থান নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিন্ন কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমএইচবি/২২০৪ ঘ.