২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা ৭ জুলাই কুয়ালালামপুর যাবেন

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ডি-এইট সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার কুয়ালালামপুর যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ডি-এইট সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার কুয়ালালামপুর যাচ্ছেন। ৮ জুলাই মালয়েশিয়ায় ষষ্ঠ ডি-এইট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও ডি-এইটের অন্য সদস্য দেশ ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া এবং মিশরের শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেবেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এ প্রসঙ্গে জানান, এ গ্র"প নতুন বাণিজ্যের সুযোগ সৃষ্টি, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে চায়। ১৯৯৭ সালে গঠিত এ সংস্থার সদস্য দেশের মধ্যে বর্তমানে বাণিজ্যের পরিমাণ ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৯৯ সালে এ বাণিজ্যের পরিমান ছিল মাত্র ১৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম আটটি মুসলিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে এ সংস্থাটি গঠন করা হয়েছিল। প্রতি দুই বছর পর পর সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলনে আগে দুই দিন পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হবে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এতে প্রতিনিধিত্ব করবেন। প্রধান উপদেষ্টা ৮ জুলাই সম্মেলন শেষে দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২১০৭ ঘ.