২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নির্যাতনে গৃহবধূ আহত, মৃত সন্তান প্রসব

নির্যাতনের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এক গৃহবধূর গর্ভস্থ সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে। লাভলী বেগম নামে ওই গৃহবধূর অবস্থাও সঙ্কটাপন্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

কুড়িগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এক গৃহবধূর গর্ভস্থ সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে। লাভলী বেগম নামে ওই গৃহবধূর অবস্থাও সঙ্কটাপন্ন। ফুলবাড়ির কিশামত প্রাণকৃষ্ণ গ্রামে রোববার রাতে ওই গৃহবধূর ওপর নির্যাতন হয় বলে স্থানীয়রা জানায়। সোমবার সকালে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে লাভলী একটি মৃত সন্তান প্রসব করে। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, গুরুতর আঘাতজনিত কারণে লাভলীর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। লাভলীর নিজের অবস্থাও আশঙ্কাজনক। এলাকাবাসী জানায়, নাছারুল হকের স্ত্রী লাভলী বেগম (২৭) আট মাসের অন্তৎসত্ত্বা ছিলেন। প্রতিবেশী স্থানীয় জামায়াত ইসলামির নেতা শাহ আলম মুন্সী (৫০) লাভলীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তার চরিত্র হনন করতে গ্রামে কুৎসা রটায়। এর প্রতিবাদ জানাতে গত রোববার সন্ধ্যায় লাভলী ও তার স্বামীসহ ৬/৭ জন গ্রামবাসী শাহ আলমের বাড়ি যায়। নাছারুল হক সাংবাদিকদের বলেন, "গ্রামবাসীর উপস্থিতিতে এ নিয়ে সালিশ চলাকালে শাহ আলম আমাদের ওপর চড়াও হয়। ওই সময় লাভলীকেও সে লাঠি দিয়ে পেটায় এবং ঘুষি মারে। এতে লাভলী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে।" লাভলীকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৯টায় লাভলী মৃত সন্তান প্রসব করে। নাছারুল হক এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে তিনি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা শাহ আলম প্রভাবশালী হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, "ঘটনাটি শুনেছি। মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৮ ঘ.