ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মঙ্গলবার থেকে বিচারিক আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পার্বত্যবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।
জজ কোর্ট না থাকায় এর আগে মামলা পরিচালনার জন্য এই তিন জেলার বাসিন্দাদের চট্টগ্রামে যেতে হতো। এখন জজ কোর্ট চালু হওয়ায় সময় ও অর্থ দুই দিক থেকেই হয়রানির অবসান ঘটলো বলে আইনজীবীরা বলছেন। তারা আরও জানান, পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসীদের নিজেদের আইনগুলো বহাল থাকায় ঐতিহ্যবাহী রাজপ্রথা, হেডম্যান, কারবারীর পদ বিলুপ্ত হচ্ছে না। তারা আগের মত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
তিন পার্বত্য জেলায় আদালত স্থাপনের নির্দেশনা চেয়ে ২০০৬ সালে ২ ফের্রুয়ারি মানবধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এবং পার্বত্য জেলার তিন নাগরিক অ্যাডভোকেট প্রতিকার চাকমা, নিখিল মিত্র চাকমা ও রজনী কান্ড তংচংগ্যা চিটাগং হিল ট্রাক্টস রেগুলেশন(এমেন্ডমেন্ট)-এ্যাক্ট ২০০৩ বাস্তবায়নের জন্য হাইকোর্টে রিট করেন।
বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালে তিন পার্বত্য জেলায় জজ কোর্ট প্রতিষ্ঠার লক্ষ্যে 'চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন অ্যাক্ট-১৯০০' সংশোধন করে 'চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন (সংশোধনী) অ্যাক্ট-২০০৩' নামে সংসদে একটি নতুন বিল পাস হয়। কিন্তু এ বিষয়ে আর অগ্রগতি না হওয়ায় ওই রিটটি দায়ের করা হয়।
রিটের শুনানি শেষে গত ২৪ ফেব্র"য়ারি হাইকোর্ট তিন পার্বত্য জেলায় আদালত স্থাপনের নির্দেশ দেয়। আদালতের আদেশে এক বছরের মধ্যে এই তিন পার্বত্য জেলায় দেওয়ানি, ফৌজদারি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের জন্য সরকার ও সুপ্রিম কোর্টের নিবন্ধককে বলা হয়।
ওই আদেশের চার মাসের মধ্যে তিন পার্বত্য জেলায় জজ আদালতের কার্যক্রম চালু হল। এর আগে গত ৪ জুন এ সংক্রান্ত সংশোধিত আইনটি গেজেট আকারে প্রকাশ করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিহির বরণ চাকমা সাংবাদিকদের জানান, এতদিন তিন পার্বত্য জেলায় জেলা প্রশাসকরা সিভিল জজ-এর অতিরিক্ত দায়িত্ব এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তিন পার্বত্য জেলার দায়রা জজ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। জজ কোর্ট চালু হওয়ার মাধ্যমে তাদের এ ক্ষমতা বিলুপ্ত হলো। এখন থেকে ফৌজদারি ও দেওয়ানি মামলার আপিলের কার্যক্রম জেলা জজ এবং দেওয়ানি মামলার কার্যক্রম যুগ্ম জেলা জজ পরিচালনা করবেন।
খাগড়াছড়ির প্রবীণ আইনজীবী সুপাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"হিল ট্রাক্টস রেগুলেশন অ্যাক্ট-১৯০০ সংশোধন করে তিন পার্বত্য জেলায় জজ কোর্ট চালু হলেও পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের নিজেদের আইনসমূহ বহাল থাকবে। ফলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাজপ্রথা, হেডম্যান, কারবারির পদ বিলুপ্ত হচ্ছে না বিধায় তারা আগের মত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে রাঙামাটি জজ আদালতে নতুন বিচারকরা বসেন। জেলা ও দায়রা জজ দুদু মিয়া সরকার ও যুগ্ম জজ মো. কামাল হোসেন বিচারিক কক্ষ ঘুরে দেখেন এবং আদালতের কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে পরিচয় হন। তবে তারা বিচারিক কাজে অংশ নেননি।
জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত প্রাঙ্গণে জজদের এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে দুই জজসহ বিচার বিভাগীয় হাকিমরাও উপস্থিত ছিলেন।
বিচারিক আদালত চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিহির বরণ চাকমা সাংবাদিকদের বলেন, "জজ আদালত কার্যক্রম চালুর মধ্য দিয়ে পার্বত্যবাসী তাদের আইনি সুফল ভোগ করতে পারবেন। বিচার প্রার্থীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের আদালতে যাওয়ার আর্থিক ও মানসিক হয়রানির থেকে মুক্তি পাবেন।"
বান্দরবান প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে জেলা শহরের নোয়াপাড়া এলাকায় বান্দরবান জেলা জজ আদালতের কার্যক্রম শুরু হয়। যুগ্ম জেলা জজ আবু সাঈদ জোয়ারদার তার নির্ধারিত এজলাসে বসে বিচারিক কার্যক্রম শুরু করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. মহিউদ্দিন জানান, প্রথম দিনে মোট ৩৮টি দেওয়ানি মামলা আদালতে উঠেছে। এর মধ্যে ১৯টির শুনানি হয়।
জেলা জজ হিসেবে নিয়োগ পাওয়া গোলাম মাওলা অসুস্থতার কারণে প্রথমদিনে কাজে যোগ দেননি। ২/১ দিনের মধ্যেই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে আইনজীবী ও আদালত কর্মকর্তারা জানিয়েছেন।
অ্যাডভোকেট মহিউদ্দিন বলেন, "দীর্ঘ প্রতীক্ষিত জজ আদালতের কার্যক্রম শুরু হওয়ায় পার্বত্য অঞ্চলের মানুষকে আর সুদূর চট্টগ্রামে বিভাগীয় কমিশনারের আদালতে অর্থ ও সময় ব্যয় করে যেতে হবে না।"
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলা ও দায়রা জজ মুক্তার আহমেদ ও যুগ্ম জেলা জজ মো. আব্দুল হামিদ মঙ্গলবার কর্মস্থলে যোগ দিয়েছেন। বেশ কয়েকটি মামলার শুনানিও হয়েছে।
বিচারিক আদালত চালু উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে দুই জজ ছাড়াও জেলা প্রশাসক মো. শাহদাত হোসেন, বিচার বিভাগীয় হাকিম আবুল বাশার মুন্সিসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০১ ঘ.
bdnews24