২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবি-র সম্পত্তি আনুষ্ঠানিকভাবে নবগঠিত বিটিসিএল এর কাছে হস্তান্তর

বিলুপ্ত ঘোষিত বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) সহায়-সম্পত্তি আনুষ্ঠানিকভাবে নবগঠিত বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 09:03 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিলুপ্ত ঘোষিত বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) সহায়-সম্পত্তি আনুষ্ঠানিকভাবে নবগঠিত বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বিটিসিএল এর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম ও মন্ত্রণালয়ের পক্ষে পরিচালক (তার) শামসুল কিবরিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব ইকবাল মাহমুদ এসময় উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) ভেঙে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ১ জুলাই থেকে কার্যকর করা হয়। সোমবার বিটিটিবির কেন্দ্রীয় কার্যালয় টেলিযোগাযোগ ভবনে এক সংবাদ সম্মেলনে নবগঠিত এ কোম্পানি দু'টির বিভিন্ন দিক তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক এবং মন্ত্রণালয়ের সচিব ও কোম্পানি দু'টির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়া বিটিসিএল এর ১০০ ভাগ শেয়ারই সরকারের হাতে থাকছে। পর্যায়ক্রমে পুঁজিবাজারে বিটিসিএল এর শেয়ার ছাড়া হবে। বিটিটিবির সব সম্পদ ও জনবলসহ ১৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করছে বিটিসিএল। বিটিসিএল এর সম্পদ ও দায়দেনার পরিমাণ সম্পর্কে প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ সোমবার বলেন, আনুমানিক সম্পদের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। সম্পদ ও দায়দেনা নির্ধারণের জন্য জার্মান প্রতিষ্ঠান ডেটাকনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তারা সম্পদ ও দায়দেনার হিসাব জমা দিতে পারেনি। ডেটাকনের ৩০ এপ্রিলের মধ্যে হিসাব জমা দেওয়ার কথা ছিল। সচিব জানান, সময় বাড়িয়ে ৩০ জুন করা হলেও ডেটাকন তা করেনি বলে নতুন অডিট ফার্ম নিয়োগ করে সম্পদ নির্ধারণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৪৫৬ঘ.