বরিশাল, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক বাড়িতে হামলা চালিয়ে এক নারী ও তার চার মেয়েকে হত্যা করেছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার তাদের জবাই করা লাশ পুলিশ উদ্ধার করে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাইসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে মেহেন্দিগঞ্জের ভাষানচর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম খলিশার উত্তরপাড় এলাকায় সোমববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- তানজিরা বেগম (৪০) এবং তার চার মেয়ে আঞ্জুমান আরা (১৬), সাথী (১১), জান্নাতুল (৯) এবং ফিরদৌসি (৬)।
তবে দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে গেছে তানজিরার দেড় বছর বয়সী মেয়ে সাগরিকা।
তানজিরা বেগম তার ভাইদের একটি বিরোধপূর্ণ জমিতে বসবাস করতেন।
তানজিরার ভাই সাবেক পুলিশ কর্মকর্তা শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সঙ্গে প্রতিবেশীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাড়ির পাশের বিরোধপূর্ণ একটি জমি দখলে রাখতে ঘর তুলে তানজিরাকে থাকতে দিই।"
তিনি বলেন, "রাত সাড়ে ৩ টার দিকে বোনের ঘরে লোকজনের শব্দ শুনতে পাই। এ সময় আমি ঘর থেকে নেমে ১২ থেকে ১৫ জন অপরিচিত লোককে অস্ত্র হাতে বেরিয়ে যেতে দেখি। তখন আমি চিৎকার দিই।"
শাহজাহান বলেন, "আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে ঘরে ঢুকে লাশগুলো পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে ঘটনাটি মেহেন্দিগঞ্জ থানায় জানানো হয়।"
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে লাশ পাঁচটি উদ্ধার করে। পুলিশ তানজিরা বেগমের ভাই শাহজাহান ও শহীদসহ তাদের প্রতিবেশী তিন নারীকে আটক করেছে।
বরিশালের পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী সাংবাদিকদের বলেন, "জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের সদস্যরাও এ হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে।"
এ জন্য তানজিরার দুই ভাইকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, "ওই পরিবারের দুই সদস্যকে আটক করা হয়েছে। কারণ তাদের কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার মূল রহস্য উদঘাটিত হবে।"
পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সুপার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.
bdnews24