রাজশাহী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা সংবিধানবিরোধী নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা।
তিনি বলেন, "জাতীয় নির্বাচন করা সংবিধান বিরোধী না হলে স্থানীয় সরকার নির্বাচন করাও সংবিধান বিরোধী হবে না।"
'স্থানীয় সরকার নির্বাচন করা তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারভূক্ত নয়'- স্পিকার জমিরউদ্দিন সরকারের এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে সিইসি সোমবার রাজশাহীতে সাংবাদিকদের একথা বলেন।
রাজশাহী বিভাগের ১৩টি নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তির আবেদনের শুনানি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সিইসি বলেন, "ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে অক্টোবরে। জাতীয় নির্বাচনে ৩০০টি আসনে এক দিনেই ভোট গ্রহণ হবে। রোজার মাসে কোন নির্বাচন দেওয়া হবে না। নভেম্বর ও ডিসেম্বরে শুধু জাতীয় নির্বাচন নিয়ে কাজ হবে। তাই এর আগেই সম্পন্ন করা হবে অন্য সব কাজ।"
তিনি বলেন, "চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভার ভোটার তালিকার কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে নির্বাচন দেওয়া হয়েছে। অচিরেই ঢাকা সিটি করপোরেশন ও অন্য পৌরসভাগুলোর নির্বাচন দেওয়া হবে।"
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের ১৩ টি নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তির আবেদনের শুনানি শুরু হয় সকাল ১০টায়।
রাজশাহী-৬, কুড়িগ্রাম- ২ ও ৩, বগুড়া- ১,৩,৪,৫,৬ ও ৭ এবং সিরাজগঞ্জ-১,২,৫ ও ৬ আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি শুনানি হয়।
শুনানিতে আরও উপস্থিত ছিলেন- দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবির।
ছহুল হোসাইন শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বলেন, 'আমরা চাই শিক্ষকরা নেতৃত্বে আসুক। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একটি সংশোধনী আনা হচ্ছে।"
তবে নির্বাচিত হওয়ার পর চাকরি ছেড়ে দিতে হবে বলে তিনি জানান।
নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন বিষয়ে প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, "আইনগুলো সম্পর্কে ব্যাপক প্রচারণা প্রয়োজন। নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24