ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশি দামে সার বিক্রি ও বিতরণের অনিয়মের প্রতিবাদে যশোরে এবং সারের দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ হয়েছে।
সোমবার সকালে যশোর সদর উপজেলার মালঞ্চী গ্রামে কৃষকরা বিক্ষোভ করে। এসময় তারা সার ডিলারের দোকান বন্ধ করে দিয়ে রাস্তার উপর অবস্থান নেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জে সার না পাওয়া এবং কালোবাজারে ডিলারদের সার বিক্রির অভিযোগ এনে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন শতাধিক কৃষক।
আমাদের যশোর প্রতিনিধি স্থানীয় কৃষক হুমায়ুনের উদ্ধৃতি দিয়ে জানান, মালঞ্চীর সার ডিলার শরিফুল ইসলাম অনেক আগে কেনা সার মজুত করে এখন উচ্চ মূল্যে বিক্রির চেষ্টা করছেন। যার জন্য কৃষকরা ক্ষিপ্ত হয়ে তার দোকান বন্ধ করে দিয়েছেন।
তিনি বলেন, গত ২৯ মে'র আগে শরিফুল ইসলাম তার দোকানে দুই চালানে ১৮০ বস্তা সার আনেন। কিন্তু সে সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়নি। সরকার সারের দাম বাড়ালে শরিফুল ইসলাম কৃষি কর্মকর্তাদের সহায়তায় ভূয়া নামে উত্তোলন দেখিয়ে বাইরে সার পাচার করে দেন।
তিনি জানান, এরপর শুক্রবার ওই সার আবার ডিলারের দোকানে উঠানো হয়। এখন সেই সার সরকার ঘোষিত নতুন দামের চেয়েও ১০ টাকা বেশি বিক্রি করার চেষ্টা করছেন। সোমবার সকালে কৃষকরা সার নিতে এলে ডিলার প্রতি বস্তা সারের দাম চান ৬১০ টাকা।
আইয়ুব হোসেন, আকবর আলী, শহিদুলসহ আরও কয়েকজন কৃষক দাবি করেছেন, আগের গুদামজাত সার ৩১০ টাকা মূল্যে কৃষকদের দিতে হবে। এরপর অন্য সার বর্তমান মূল্যে তারা গ্রহণ করবে। এজন্য তারা বিক্ষোভ মিছিল করে এবং রাস্তার উপর অবস্থান নেয়।
এ ব্যাপারে ডিলার শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৯ মে'র আগে ৫০ বস্তা সার বিতরণের কাগজপত্রসহ তিনি কৃষি বিভাগের বিক্রয় প্রতিনিধিদের বুঝিয়ে দিয়েছি। বিক্রির সময় আমি থাকি না। তাই বিক্রয় প্রতিনিধিরা কাকে কী দিয়েছেন সে সর্ম্পকে আমার কিছু জানা নাই।"
এ ব্যাপারে উপ সহকারী কৃষি কর্মকর্তা সনাতন শিকদার সার গুদামের বাইরে নিতে সহায়তা করার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মে মাসের বরাদ্দকৃত সার বিতরণের কাগজপত্র আমাদের কাছে তালিকাভূক্ত করা আছে। মে মাসে কোন সার ফেরত নেওয়া হয়নি।"
সার সংকটের ব্যাপারে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুন মাসে জেলায় সারের চাহিদা ছিল ৪ হাজার ১২৬ টন। সেখানে এ মাসে বরাদ্দ পাওয়া গেছে ৩ হাজার ৫৪ টন।"
তিনি বলেন, এই সংকট কাটাতে ২ হাজার ২০০ টন অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, চলতি আউশ মৌসুমে সারের দাবিতে কৃষকরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারক লিপি দিয়েছে। দুপুর ১টার দিকে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের ২ শাতাধিক কৃষক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। তারা সারের দাবিতে স্লোগান দেন। পরে ১১৫ জন কৃষকের স্বাক্ষর সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসক সোলতান আহমেদকে দেওয়া হয়।
স্মারকলিপিতে কৃষকরা সার না পাওয়ার কথা উল্লেখ করেন। সেইসঙ্গে কৃষি কর্মকর্তা ও ডিলারদের যোগাসাজশে কালো বাজারে সার বিক্রির অভিযোগ করেন তারা।
স্মারকলিপি দেওয়ার সময় কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক খান সাজনের নেতৃত্বে আইনজীবীরা উপস্থিত হয়ে কৃষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় ১৮ হাজার হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে বলে কৃষি স
bdnews24