ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী ও চাঁদপুরে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
আমাদের ফেনী প্রতিনিধি জানান, ফেনীর দাগনভূঁঞায় বাস চাপায় ছাত্রলীগ কর্মী তালাশ উদ্দিন নিহত হয়েছে। তিনি চন্ডিপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি দাগনভূঁঞা উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুপুরের দিকে ছাত্রলীগ কর্মী তালাশ উদ্দিন (৩০) মোটরসাইকেলে দাগনভূঁঞা থেকে দুধমুখা যাচ্ছিলেন। এ সময় দুধমুখা বাজারের কাছে আসার পর পেছন থেকে কবিরহাট স্পেশাল পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো-চ-১৩২১) মোটরসাইকেলকে চাপা দিলে তালাশ ঘটনাস্থলে নিহত হন।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে দুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন- ট্রাক চালক সাজু (৩০)। তিনি হাজীগঞ্জ উপজেলার তোরাগঞ্জ এলাকার কাজিবাড়ির বাসিন্দা। আহতরা হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকা দিয়ে বোগদাদ নামের যাত্রীবাহি বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাচ্ছিল। অপরদিক ট্রাকটি যাচ্ছিল চাঁদপুরের দিকে।
উয়ারুক এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক নিহত এবং বাসের ১২ যাত্রী আহত হন।
তিনি জানান, রাস্তার দু'ধারে বাঁশঝাড় ও গাছ থাকায় দূর থেকে বাস ও ট্রাক চালক কেউ কাউকে না দেখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে। এ ব্যাপারে শাহরাস্তি থানায় একটি মামালা হয়েছে বলে ওসি নুরুল আবছার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24