২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে বাস খাদে পড়ে চালক নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মস্তান নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসচালক মোহাম্মদ জসিম (৪৫) নিহত এবং চার যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার মস্তান নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসচালক মোহাম্মদ জসিম (৪৫) নিহত এবং চার যাত্রী আহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের মিরসরাই ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক মো. আশরাফ। বাসটি বেনাপোল থেকে চট্টগ্রাম যাচ্ছিল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোহাগ পরিবহনের শীততাপ নিয়ন্ত্রিত ভলবো বাসটি মিরসরাই মস্তান নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ পাঁচ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় বাসচালক জসিম।" আহত চার জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় পাওয়া যায়নি। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক জানান, এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহত যাত্রীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আশরাফ বলেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৩১৬ ঘ.