চাঁদপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের স্টেডিয়াম রোড এলাকায় শনিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় সানজীদা আক্তার ইনতু (১৪) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।
সানজীদা সদর উপজেলার শাহতলী এলাকার খোরশেদ আলমের মেয়ে। সে ছোট সুন্দর সিনিয়র সিদ্দিকীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় ভাই এসএসসি পরীক্ষায় ভাল ফল করায় সানজীদা মায়ের সঙ্গে মিষ্টি নিয়ে শহরের গুনরাজদী এলাকায় নানা বাড়ি যাচ্ছিল। স্টেডিয়াম রোড এলাকা পৌঁছার পর একটি ট্রাক তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। সানজীদা রিকশা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24