চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ চট্টগ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।
তিনি এ সমস্যাকে জটিল ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, "স্বল্প মেয়াদে কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে কমিটি।"
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আঞ্চলিক সংলাপের দ্বিতীয় পর্বে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
'গণতান্ত্রিক উত্তরণে জাতীয় সংলাপ' শিরোনামের এ আঞ্চলিক সংলাপে জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার ছাপিয়ে স্থানীয় ইস্যুগুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
চট্টগ্রামের বিভিন্ন পেশা ও স্তরের প্রতিনিধিরা পরবর্তী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, নির্বাচনের পরিবেশ, সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকট, বিনিয়োগ প্রতিবন্ধকতা এবং উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন।
সংলাপে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনার পর স্থানীয় সংকট নিরসনের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ গ্যাস ও বিদ্যুৎ সমস্যাকে জটিল ও গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এগুলোর সাময়িক সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি করার ঘোষণা দেন। এ কমিটিতে চট্টগ্রামের প্রতিনিধিরাও থাকবেন বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রামের জলাবদ্ধতা, গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট স্থায়ীভাবে সমাধান করার অবকাশ রয়েছে- উল্লেখ করে তিনি বলেন, "গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণেই এ সমস্যার মুখোমুখি হচ্ছি। সরকার গ্যাস উৎপাদন বাড়াতে 'অফশোর খনন' এর পরিকল্পনা নিয়েছে এবং বাপেক্সকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেছে।"
আসন্ন স্থানীয় নির্বাচনে একটি সংস্থা এলাকাভিত্তিক প্রার্থী তালিকা তৈরি করছে- বিভিন্ন বক্তার এমন বক্তব্যের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "এ ধরনের তালিকার বিষয়ে আমার ব্যক্তিগত কোন জ্ঞান নেই। আমি আশা করি সৎ ও যোগ্য ব্যক্তিরাই অংশগ্রহণ করবেন।"
তিনি বলেন, "জনগণ বিচারবুদ্ধি দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য সরকার কালো টাকা ও পেশী শক্তি মুক্ত নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার বাস্তবায়নের কাজ করছে।"
ড. ফখরুদ্দীন বলেন, "নির্বাচন শেষে এ প্রক্রিয়া নিয়ে যাতে সন্তুষ্টি ও গৌরব অনুভব করতে পারি এমন নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার।"
এর আগে সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, "গত দেড় বছরে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে। জনগণের সহায়তায় সরকার এসব প্রতিবন্ধকতা কাটিয়ে এখন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।"
কয়েকজন প্রতিনিধি রাজনৈতিক দলগুলোর নিবন্ধ, সাংসদদের সংসদ অধিবেশনে উপস্থিত থাকা এবং হরতালের মত কর্মসূচি বন্ধে সংবিধান সংশোধন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, "সরকার সংবিধান সংশোধনের কোন কাজ হাতে নেয়নি, এটি আমাদের কাজ নয়।"
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে কিনা- কয়েকজন প্রতিনিধির এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, "এ নিয়ে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। আগের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও সময় মত তফশিল ঘোষণা করবে।"
দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচনে কারা অংশ নিতে পারবে তা সংবিধান এবং নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি মোতাবেক নির্ধারিত হবে। ইতিমধ্যে ঋণ খেলাপী ও যুদ্ধপরাধীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে। বাকি বিষয়গুলো ধীরে ধীরে উপস্থাপিত হবে।"
রাজনৈতিক দলের সংস্কার বিষয়ে তিনি বলেন, "রাজনৈতিক দলের সংস্কার তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে আপনাদের মতামত পরবর্তীতে তাদের আইন করে সংস্কার করতে উৎসাহী করবে।"
স্থানীয় সরকারকে শক্তিশালী করা এ সরকারের প্রধান কৌশল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবে। সরকার সে পদক্ষেপের ধারাবাহিকতায় চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচন করছে।"
বর্তমান সরকার বহুদিন ক্ষমতায় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, "যে নির্বাচন সকলের আশা আকাক্সক্ষার প্রতীক- তা সুষ্ঠুভাবে আয়োজনে সকলের মতামত ও পরামর্শ নিতেই এ সংলাপের আয়োজন।"
প্রধান উপদেষ্টা মনে করেন, বর্তমানে সে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
দুপুর সোয়া দুইটা থেকে বিকাল সোয়া পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
সংলাপে চট্টগ্রামের বিভিন্ন পেশা ও স্তরের তিনশ' প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- ৪২ জন।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম বলেন, একটি সংস্থা নির্বাচনের আগে 'সৎ মানুষের' নামে একটি তালিকা তৈরি করছে বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এ ধরনের কর্মকান্ড সরকারের ভাবমূর্তি বিনষ্ট করবে বলে উল্লেখ করেন।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ঢাকাকে বিশেষায়িত না করে অঞ্চল বিশেষকে গুরুত্ব দিতে সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের আহবান জানান।
দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী বলেন, হাতে গোণা কয়েকটি সমস্যার কারণে চট্টগ্রাম তার ঐতিহ্য হারাতে বসেছে। বারবার এগুলো সমাধানের আশ্বাস দেওয়া হলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। তিনি এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দাবি করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মুহাম্মদ সিকান্দার খান বলেন, অতীত ইতিহাস বলে নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে তা জাতির জন্য সুখকর হয় না। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বন্দর নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি ধ্বংসাত্মক রাজনীতি থেকে উত্তরণের জন্য জাতীয় সরকার গঠনের পন্থা বের করতে সরকারের প্রতি আহবান জানান।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি আলী আশরাফ উপর থেকে চাপিয়ে দেওয়ার পরিবর্তে স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা ও উন্নয়ন কর্মকান্ডের প্রকল্প গ্রহণের আহবান জানান।
বিজিএমইএ পরিচালক নাসির চৌধুরী বলেন, চট্টগ্রাম আজ বিনিয়োগ প্রতিবন্ধক নগরীতে পরিণত হয়েছে। এ থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। তিনি কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষির উন্নয়ন ও গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
ফরিদুদ্দিন আহমদ নামের একজন অংশগ্রহণকারী বলেন, তালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হলে জনগণ তা মেনে নেবে না। আরও কয়েক বক্তার মত তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি করেন।
কামাল উদ্দিন তালুকদার নামে অপর অংশগ্রহণকারী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সরকারে উপর জনগণের আস্থা কমে এসেছে। এটি পুনরুদ্ধারে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।
দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্তরা যাতে কৌশলের আশ্রয় নিয়ে নির্বাচনে অংশ নিতে না পারে সেদিকে সজাগ থাকার আহবান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমএ/২০৪৫ ঘ.
bdnews24