ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীর্ষ সন্ত্রাসী 'সুব্রত বাইন' পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে শুক্রবার অমিত কুমার মিত্র নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুব্রত বাইন পরিচয়ে অমিত ও তার সঙ্গীরা নারায়ণগঞ্জের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ ব্যাপারে অভিযোগ পেয়ে গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়। এরপর শুক্রবার গভীর রাতে মোহাম্মদপুর এলাকা থেকে অমিতকে গ্রেপ্তার করা হয়।
অমিতের কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলীসহ প্রায় ৪৪ জনের মোবাইল ফোন নম্বর লেখা কাগজ উদ্ধার করা হয়েছে।
সুব্রত বাইন ছাড়াও কালা জাহাঙ্গীর, শাহাদৎ, ডাকাত শহীদ পরিচয়ে অমিত বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে চাঁদা আদায় করতো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24