চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, জনগণ সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। উপজেলা নির্বাচন সাধারণ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হবে।
শনিবার চট্টগ্রামে জাতীয় সংলাপের অংশ হিসেবে চন্দনাইশ সদর উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় ময়দানে গ্রামীণ পর্যায়ের সংলাপে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, "আমি আজ (শনিবার) জনগণের সঙ্গে সংলাপে অংশ নিয়ে বুঝেছি, জনগণ সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়।"
স্থানীয় সরকার শক্তিশালী করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, "কেন্দ্রীয় পর্যায়ে যেমন সুশাসন প্রয়োজন রয়েছে তেমনি স্থানীয় পর্যায়েও রয়েছে।"
স্থানীয় নির্বাচনের জন্য জরুরি বিধিমালা শিথিল করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে যেকোন ধরনের প্রচারনা, মাইক ব্যবহারসহ সবকিছু মিলিয়েই জরুরি অবস্থা শিথিল করা হবে।
তিনি আরও বলেন, "বর্তমান সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হাস্তান্তর করা।"
আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যারাই ক্ষমতায় আসবে তারাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসঙ্গত করবে এবং জনগণের কল্যাণে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিসেম্বরে সাধারণ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার দুর্নীতিমুক্ত সমাজ গড়ে অর্থনেতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
জনসাধারণকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করা আহবান জানান তিনি।
সংলাপে অংশ নেওয়া জনপ্রতিনিধিরা চট্টগ্রাম দোহাজারি রেললাইন আধুনিকায়ন করার দাবিসহ তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের দাবি জানান।
প্রধান উপদেষ্টা তৎক্ষনাৎ যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক আশরাফ শামীম স্বাগত বক্তব্যে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সকাল সাড়ে নয়টায় সংলাপ শুরু হয়। চন্দনাইশ ও আশেপাশের এলাকার ডাক্তার, আইনজীবী, শিক্ষক, নারী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্বসহ ৩১৮ জন প্রতিনিধি অংশ নেন।
এর আগে সকালে সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলগুলো আমাদের প্রতিপক্ষ নয়। বর্তমান সরকারের কেউ আগামী র্নিবাচনে অংশ নেবেন না।"
আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা সকাল পৌনে নয়টায় হেলিকপ্টার যোগে চন্দনাইশে পৌঁছেন। এরপর সকাল সাড়ে নয়টায় কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় ময়দানে সংলাপ শুরু হয়। শিক্ষা এবং বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল
bdnews24