চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে অব্যাহতভাবে লোকসান গুণছে তৈরি-পোশাক কারখানাগুলো। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে দৈনিক মোট কর্মঘণ্টার প্রায় সাত ঘণ্টা উৎপাদন বন্ধ থাকছে নগরীর কারখানাগুলোতে।
তৈরি-পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ নেতৃবৃন্দ শুক্রবার তাদের এ দুর্দশার চিত্র তুলে ধরে সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
নগরীর একটি রেস্টুরেন্টে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছালাম বলেন, "গ্যাস সংকটের ফলে তৈরি হয়েছে বিদ্যুৎ ও পানি সংকট। এতে করে রপ্তানিমুখী কারখানাগুলো এখন হুমকির মুখে। এখানকার সাত শতাধিক কারখানার মধ্যে অনেকগুলো রুগ্ন হয়ে পড়েছে।"
এ অবস্থা থেকে উত্তরণের জন্য গ্যাস বিদ্যুৎ ও পানি সংকটের সমাধান করার লক্ষ্যে তিনি সরকারের কাছে আট দফা প্রস্তাব উত্থাপন করেন।
এম এ ছালাম বলেন, চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প এখন চরম হুমকির মুখে। পোশাক মালিকদের পিঠ দেয়ালে ঠেকেছে। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। অনেক এলাকায় দিনে ৫০ বার বিদ্যুৎ যাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরও নষ্ট হচ্ছে। এর ফলে উৎপাদন ব্যয় বহুগুণ বেড়ে গেছে এবং সময়মত পণ্য ডেলিভারি করতে না পারায় অনেকের অর্ডার বাতিল হচ্ছে।
সংকট নিরসনে চট্টগ্রামে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি বলেন, গ্যাস সংযোগ বন্ধের কারণে গত এক বছর ধরে এখানে নতুন বিনিয়োগ বন্ধ রয়েছে। যেসব প্রতিষ্ঠান গ্যাসের অভাবে চালু করা যাচ্ছে না তাদের মালিকদের কোটি কোটি টাকার ক্ষতি গুণতে হচ্ছে। যেসব কারখানায় গ্যাস সংযোগ আছে সেগুলোতেও গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিকল্প পথে বিবিয়ানা বা অন্য কোনো গ্যাস ফিল্ড থেকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ-এর পরিচালক হাসানুজ্জামান চৌধুরী বলেন, "চলমান এ পরিস্থিতিতে কোনো শ্রমিক অসন্তোষ হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।"
তিনি চট্টগ্রামের আঞ্চলিক সংলাপে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা দাবি করেন।
অন্যান্যের মধ্যে খলিলুর রহমান, মাহবুব আলী, এরশাদ উল্ল্যাহ, এস এম তৈয়ব, মাইনুদ্দিন মিন্টু, আব্দুল মান্নান রানা প্রমুখ বিজিএমইএ নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/০০২২ ঘ.
bdnews24