ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী সবজি আড়তসংলগ্ন পেট্রোল পাম্পের জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার পাম্পের কেয়ারটেকারের গুলিতে সবজি ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাসহ আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দু'টি পাল্টাপাল্টি মামলা হয়েছে। কেয়ারটেকার এ কে এম মোজাম্মেল হকসহ দু'জনকে আটক করেছে র্যাব। পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন পেট্রোলপাম্পটির মালিক বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, "সকালে যাত্রাবাড়ী সবজি আড়তসংলগ্ন নির্মাণাধীন পেট্রোল পাম্পের জমি নিয়ে বিরোধের জের ধরে পাম্পের কেয়ারটেকার মোজাম্মেল হক তার শটগান থেকে গুলি ছুড়লে আটজন আহত হন। এ বিষয়ে মোজাম্মেল হকের স্ত্রী মিলি হক যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছেন।"
তিনি জানান, এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে মিলি দাবি করেছেন, সকালে কয়েকজন লোক নির্মাণাধীন পেট্রোলপাম্পে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে তিনি ও তার স্বামী ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা মোজাম্মেলের ওপরও হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য মোজাম্মেল তার শটগান থেকে গুলি ছোড়েন।
মিলি হক তার মামলায় আড়তের ব্যবসায়ী ও শ্রমিকসহ ২৫ জনকে আসামি করেছেন। এজাহারে তিনি বলেছেন, শটগানটি মোজাম্মেল হকের নামে লাইসেন্স করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, গুলিতে আহত আটজনের মধ্যে পেঁয়াজ আড়তের শ্রমিক মো. আলাল (৩৫), পেঁয়াজ ব্যবসায়ী আরিফ হোসেন মজুমদার (৪৫), তরকারি ব্যবসায়ী সেলিম খান (৫৫), ও শ্রমিক রূপভানু (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।
এছাড়া শ্রমিক নূরবানু (৩৫), ক্রেতা আজাহার আলী (৩২), আলমগীর হোসেন (৫০) ও কাঁচামাল ব্যবসায়ী আলী হোসেন (২৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাম্পটি বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুর মালিকানাধীন। ওই পাম্পের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এ নিয়ে হাইকার্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। গত দু-তিন দিন ধরে জমি নিয়ে আড়তের ব্যবসায়ী ও পাম্পের মালিকপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
সকালের ঘটনায় আহত নূরবানুর বোন লাইজু বেগম বাদী হয়ে মোজাম্মেল হকসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন বলেও আতাহার আলী জানান।
আহত ব্যবসায়ী আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, "আড়তের জায়গা দখল করে পেট্রোল পাম্প তৈরিতে বাধা দেওয়ার কারণেই মালিকপক্ষের সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর এ হামলা চালায়।"
তিনি দাবি করেন, সকালে আড়তের সবাই যখন স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি শুরু করে।
এদিকে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাবের টহলরত গোয়েন্দা দল একটি বন্দুক ও এক রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক ও টুটুল নামে দু'জনকে আটক করেছে। তারা এখনও র্যাব হেফাজতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২২২৪ ঘ.
bdnews24