টাঙ্গাইল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে রোড শো উপলক্ষে বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে শোভাযাত্রা, আলোচনাসভা, গুনীজন সংবর্ধনা ও দিনব্যাপী মেলার হয়েছে।
সকাল ৯টায় একটি শোভাযাত্রা জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে ময়মনসিংহ সড়ক, পুরাতন বাস স্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড, নিরালার মোড় হয়ে টাঙ্গাইল স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে শেষ হয়। এরপর ঐতিহ্যবাহী ভারতেশ্বরী হোমস এর ছাত্রীরা স্টেডিয়ামে মনোরম শারীরিক কসরত প্রদর্শন করে।
বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আখতার আলী সরকার। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাবেদুর রহমান ও একটেল এর নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু।
দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, "যে মাত্রায় সমাজের উন্নতি কামনা করা হয়েছিল, তা হয়নি। মূল্যবোধ ক্ষয়প্রাপ্ত হয়েছে। সবকিছুই ভারসাম্যহীন হয়ে পড়েছে। সমাজে ভালো কাজের স্বীকৃতি নেই। মন্দ কাজের তিরস্কার নেই। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"
আলোচনা সভা শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্কুল পর্যায়ে এই বিতর্কে জয়ী হয় বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ।
পরে জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন- টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামসুজ্জামান খান, দেলদুয়ারের শিক্ষানুরাগী মদন মোহন গোস্বামী, আইনজীবী এম এ কুদ্দুস, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মিস প্রতিভা মুৎসুদ্দি, মধুপুরের শিক্ষানুরাগী আলহাজ মো. নুর হোসেন, কবি বুলবুল খান মাহবুব, সাদৎ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. কামরুজ্জামান, মির্জাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজ উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ ও ঘাটাইলের চাষী আব্দুল আজিজ।
বিকালে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
রোড শো'র গাড়িবহর শুক্রবার সকালে মধুপুর হয়ে ময়মনসিংহ যাবে। 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে রোড শো'র গাড়িবহর বুধবার দুপুরে ফরিদপুর থেকে টাঙ্গাইল আসে।
এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশালসহ আরও কয়েকটি জেলা ঘুরেছে গাড়িবহর। ৩০ মে শুরু হওয়া এ রোড শো'র গাড়িবহর কক্সবাজারের টেকনাফসহ মোট ৫৫টি জেলা ঘুরে ঢাকায় ফিরবে ১৪ জুলাই।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যৌথ উদ্যোগে এ রোড শো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২০২ ঘ.
bdnews24