২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর 'দুর্নীতি' অনুসন্ধান করবে দুদক

দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথিত দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সহযোগিতাও চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথিত দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সহযোগিতাও চাওয়া হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান। হানিফ ইকবাল জানান দুদকের বিশেষ দল বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুলে কোনো দুর্নীতি ও অনিয়ম হয়েছে কিনা তা অনুসন্ধান করবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে তাদের প্রতিবেদন সংগ্রহ করেছে দুদক। এক প্রশ্নের জবাবে হানিফ ইকবাল বলেন, "পর্যায়ক্রমে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতি ও অনিয়মের বিষয়েও অনুসন্ধান করা হবে।" তিনি আরও জানান, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, তিতুমীর কলেজ, শেখ বোরহানউদ্দিন কলেজ এবং লালমাটিয়া মহিলা কলেজের কথিত অনিয়ম অনুসন্ধান শুরু করেছে দুদকের বিশেষ দল। এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়বে। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও এবং কর্মচারি নিয়োগ সংক্রান্ত অনিয়মসহ অন্যান্য দুর্নীতির বিষয়েও দুদক তদন্ত করছে বলে তিনি জানান। দুদক মহাপরিচালক জানান, প্রাতিষ্ঠানিক দুর্নীতি উৎখাতের জন্য শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দুদকের বিশেষ দল বিভিন্ন স্কুল-কলেজের এমপিও অনিয়মের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। এগুলো সংরক্ষিত তথ্য-উপাত্তের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হানিফ ইকবাল জানান, গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি বা এনসিসি আর না থাকলেও দুদক তার আইন অনুযায়ী কাজ করে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৩২ঘ.