রংপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক কৃষককে গ্রেপ্তার করে থানা হাজতে নির্যাতন চালানোর অভিযোগে দুই পুলিশ সদস্যকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দুই জনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনেও নিয়ে আসা হয়েছে।
এরা হলেন- কোতয়ালি থানার আলফাজ উদ্দিন ও বদরগঞ্জ থানার আজিজুল ইসলাম ।
রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার এ তথ্য জানান।
বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক আহসান উল্লাহকে নির্যাতনের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১ জুন আহসান উল্লাহকে গ্রেপ্তার করে বদরগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে চাঁদার দাবিতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। পরে তাকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। সেখানেও নির্যাতন চলে বলে আহসান উল্লাহর অভিযোগ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চার দিন পর জামিনে ছাড়া পান তিনি।
এরপর গত ২১ জুন আহসান উল্লাহ রংপুরের বিচার বিভাগীয় অতিরিক্ত হাকিম আদালতে মামলা করেন। এদিকে বিষয়টি শুনে রংপুরের পুলিশ সুপার হাসিব আজিজের নির্দেশে সহকারী পুলিশ সুপার শাহাজাদা মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
শাহজাদা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি সাধারণ ডায়েরি বলে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সন্দেহমূলকভাবে তাকে গ্রেপ্তার করলেও তা ছিল অমূলক। ওই সন্দেহের কোনও ভিত্তি পাওয়া যায়নি। ওই কৃষককে মতার অপব্যবহার করে অবৈধভাবে থানায় আটক রাখা হয়েছিলো বলেও তদন্তে প্রমাণিত হয়েছে বিধায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪১ ঘ.
bdnews24