ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাদকাসক্তরা প্রতিদিন গড়ে ৪৬ কোটি টাকা মাদকের পেছনে ব্যয় করছে। প্রায় ১ লাখ লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর শতকরা ৩০ ভাগই মহিলা ও শিশু। আর দেশে মাদকের সবচেয়ে বড় বাজার রাজধানী ঢাকা।
বুধবার এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এসব ভয়ঙ্কর তথ্য দেন। সংস্থাটির মহাপরিচালক হুমায়ুন কবির বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারাটাই এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'দুঃখ'।
২৬ জুন 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস' সামনে রেখে ইস্কাটনে অধিদপ্তরের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মহাপরিচালক জানান, মাদক বা মাদকাসক্তদের নিয়ে সরকারি কোনো পরিসংখ্যান নেই। সরকারি উদ্যোগে এ পর্যন্ত কোনো জরিপ হয়নি। তবে 'ফ্যামেলি হেলথ ইন্টারন্যাশনাল' নামের একটি বেসরকারি সংস্থা ২০০৪ সালে জরিপ করে দেখেছিল, দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৪৬ লাখ।
অধিদপ্তরের পরিচালক ডা. নাসিম হাসান বলেন, "ফ্যামেলি হেল্থ ইন্টারন্যাশনালের জরিপ কিছুটা হেরফের হতে পারে। কিন্তু সামগ্রিক চিত্র একই। মাদকের পেছনে মাদকসেবীরা প্রতিদিন গড়ে ১০০ টাকা করে ব্যয় করে থাকে। আর এদের ৭৫ ভাগের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। "
এই হিসাবে দেশে প্রতিদিন গড়ে ৪৬ কোটি টাকা মাদকের পেছনে ব্যয় হয়।
নাসিম হাসান বলেন, দেশে ব্যবহৃত মাদকের মধ্যে প্রথম সারিতে রয়েছে হেরোইন। ইয়াবা মূলত 'ফ্যাশন ড্রাগ' হিসাবে পরিচিত।
অধিদপ্তরের উপ পরিচালক আবু তালেব বলেন, "আমাদের জনবল খুবই কম। দীর্ঘদিন ধরে বহু পদ শূন্য রয়েছে। ৬৪ জেলার মধ্যে ৭টি জেলা ছাড়া আর কোথাও আমাদের সদস্যদের ব্যবহারের জন্য গাড়ি নেই। এমনকি কোনো অস্ত্রও বরাদ্দ নেই অধিদপ্তরের সদস্যদের জন্য। অথচ প্রয়োজনে অস্ত্রধারীদেরও গ্রেপ্তার করতে হয় আমাদের।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতি বছর মাদক আইনে ৭ থেকে ৮ হাজার মামলা হয়ে থাকে। গ্রেপ্তার করা হয় গড়ে সাড়ে ৮ হাজার লোককে। এ হিসাবে বলা যায়, প্রায় ১ লাখ লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আর রাজধানী ঢাকা দেশে মাদকের সবচেয়ে বড় বাজার।
আবু তালেব বলেন, "মাদক ব্যবসায়ীরা মাদক বহনের কাজে শিশু ও নারীদেরই বেশি ব্যবহার করে। কারণ সাধারণত এদের কেউ সন্দেহ করে না। তাছাড়া শিশুদের সামান্য পারিশ্রমিকেই কাজ করানো যায়, আর তারা বোঝেও কম। আইনও শিশুদের ব্যাপারে যথেষ্ট নমনীয়।"
মহাপরিচালক হুমায়ুন কবির বলেন, "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের মূল উদ্দেশ্য মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানো। দিবসটি উপলে অধিদপ্তর বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।"
এ উপলে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাব থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত সড়কে একটি মানব বন্ধন করা হবে। বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সেখানে প্রধান অতিথি ও স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, প্রদর্শনী ও শিার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। রাজধানীর ২৭টি সড়কদ্বীপ সাজানো হবে মাদকবিরোধী ব্যানার ও ফেস্টুন দিয়ে।
অন্যান্যের মধ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইউসুফ আলী, পরিচালক ফজলুর রহমান ভূঁইয়া ও তপন কুমার কর্মকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএ/১৭১৫ ঘ.
bdnews24