২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা গোমতী সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় মেঘনা গোমতী সেতু মঙ্গলবার সকালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ১৫ মে থেকে একটানা ৪০ দিন মেরামতের কাজ করার পর নির্ধারিত সময়ের ৪ দিন আগে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কুমিল্লা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় মেঘনা গোমতী সেতু মঙ্গলবার সকালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ১৫ মে থেকে একটানা ৪০ দিন মেরামতের কাজ করার পর নির্ধারিত সময়ের ৪ দিন আগে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হল। আগামী ২৮ জুন সেতুটি মেরামতের কাজ শেষ হওয়ার কথা ছিল। গত ১৫ মে মেঘনা গোমতী সেতুর ১৭টি এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য এ সেতু দিয়ে যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল। তবে কয়েকদিনের জন্য সব ধরনের যানবাহন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেতুটি পুনরায় খুলে দেওয়ার সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ নারায়নগঞ্জ সার্কেলের নির্বাহী প্রকৌশলী সানাউল হক, হাইওয়ে পুলিশ পূর্বাঞ্চালের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এসপি) সামসুজ্জোহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান সাংবাদিকদের জানান, জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান 'বোম্রাস জেভি' সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় এ মেরামতের কাজ সম্পন্ন করে। এতে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় হয়। তিনি জানান, প্রতি পাঁচ বছর পরপর এ সেতুর এক্সপানশন জয়েন্ট মেরামতের কাজ করা কথা ছিল। কিন্তু দীর্ঘদিন তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৫৩ ঘ.