২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার সেলিনা মহসীন

কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) প্রোগ্রাম সাপোর্টিং ইউনিটের শিক্ষা উপদেষ্টা অধ্যাপিকা সেলিনা মহসীনকে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) প্রোগ্রাম সাপোর্টিং ইউনিটের শিক্ষা উপদেষ্টা অধ্যাপিকা সেলিনা মহসীনকে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সেলিনা মহসীনকে দুই বছরের এই পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তা কার্যকর হবে। তবে এর আগে তাকে সিডা'র পদ ছাড়তে হবে। এছাড়া চারজন উপ-সচিব এবং মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) চারটি পদে রদবদল আনা হয়েছে। উপসচিবদের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মীর আহমদকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক করা হয়েছে। আর সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত জোবায়েদুর রহমানকে জাতীয় মহিলা সংস্থার অধীনে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। টাঙ্গাইল ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত উপ-সচিব ইয়াসমিন আফসানা ও ইউসুফ আলীকে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া নেত্রকোনার এডিসি পিয়ার মোহাম্মদকে ঝালকাঠি, রাজবাড়ীর গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানকে মাগুরা, রাজশাহীর বাঘার ইউএনও সাইদুল ইসলামকে টাঙ্গাইল এবং গাইবান্ধার সাদুল্যাপুরের ইউএনও ফরিদ আহমেদকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩৩৭ ঘ.