বাগেরহাট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রের প্রসার, উন্নয়ন নিশ্চিত ও সন্ত্রাসবাদ প্রত্যাখান করা- এই তিনটি বাংলাদেশের মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সমভাবে আগ্রহী। যাকে আমি 'থ্রি-ডি' বলে অভিহিত করেছি। আমি মনে করি বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ গণতন্ত্রের প্রসার, উন্নয়ন নিশ্চিত ও সন্ত্রাসবাদ প্রত্যাখান করা। এর প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী হয়ে থাকবে যুক্তরাষ্ট্র।"
সিডর বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলমান পুনর্বাসন ও পুনর্গঠন প্রকল্প ঘুরে দেখার পর মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মরিয়ার্টি একথা বলেন।
তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বন্ধু হিসেবে পাশে আছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র পাঁচ শ' কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে। আমাদের বার্ষিক সহায়তা কর্মসূচির গড় পরিমাণ ১০ কোটি ডলার।"
মরিয়ার্টি বলেন, "ঘূর্ণিঝড় সিডরের আঘাত ও দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জরুরি সাহায্য ও সরঞ্জাম সহায়তা হিসাবে এক কোটি ৯৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে। এ বছর নিয়মিত খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় চর, হাওর ও উপকূলীয় এলাকার জন্য দেওয়া হয়েছে চার কোটি ৮০ লাখ ডলার।"
খাদ্য নিরাপত্তা বাড়াতে গত মে মাসে প্রায় ৫০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
রাষ্ট্রদূত আরও জানান, ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় জরুরি সাহায্য হিসাবে অতিরিক্ত তিন কোটি ডলার দেওয়া হয়েছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ইউএসএআইডি স্বেচ্ছাসেবী সংগঠন হেলেন কিলার ইন্টারন্যাশনালকে এক লাখ ডলার অনুদান দিয়েছে। এ সহায়তা ঘূর্ণিঝড় দুর্গত এলাকার মানুষের পুষ্টি উন্নয়নে ব্যয় হবে।
শরণখোলার উত্তর কদমতলায় বেসরকারি সংগঠন রূপান্তরের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি সিডর দুর্গত শরণখোলাবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
মরিয়ার্টি বলেন, "আমি নিজ চোখে যা কিছু দেখে গেলাম সেটা মার্কিন সিনেটে উত্থাপন করবো।"
বাংলাদেশের দুর্গত মানুষের এই দুর্দশা লাঘবে যুক্তরাষ্ট্র সহায়তা বাড়াতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
প্রধান দুটি দল স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাখান করার বিষয়টিকে তিনি বা তার দেশ কিভাবে দেখছেন-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা বাংলাদেশের মানুষের নিজস্ব বিষয়। তারাই ঠিক করবেন তাদের করণীয়। এখানে তার দেশ বা তার ব্যক্তিগত কিছুই বলার নেই।"
সকাল ৯টায় মার্কিন রাষ্ট্রদূত শরণখোলায় পৌঁছান। পরে তিনি শরণখোলা ডিগ্রি কলেজ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বেসরকারি সংস্থা (এনজিও) কেয়ারের ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
এখানে তিনি সাধারণ মানুষের কাছে সিডরের সময় বিভিন্ন ঘটনার কথা শোনেন। পরে তিনি সাউথখালী ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে যান এবং কেয়ারের ক্যাশ ফর ওয়ার্কের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
কেয়ার কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে জানায়, উপজেলার চারটি ইউনিয়নে গত ২৪ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচিতে তারা দুই হাজার পরিবারকে সম্পৃক্ত করেছে। ১১ জুন থেকে আরও দেড় হাজার পরিবারের জন্য তাদের ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচি শুরু হয়েছে।
কেয়ারের প্রকল্প পরিদর্শন শেষে রাষ্ট্রদূত রূপান্তর কার্যালয়ে আসেন এবং সেখানে তিনি রূপান্তরের দুযোগ ঝুঁকি ও সচেতনতামূলক পটগান উপভোগ করেন।
সফরকালে মরিয়ার্টির সঙ্গে ছিলেন তার স্ত্রী লরেন মরিয়ার্টি এবং ইউএসএআইডি'র বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্যারি গর্ডন।
বিভিন্ন প্রকল্প পদির্শন ও প্রেস ব্রিফিংয়ে আরও ছিলেন- ইউএসএআইডি'র ডেমোক্রেসি অ্যাডভাইজার এইচ এম নজরুল ইসলাম, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন গুহ, পরিচালক রফিকুল ইসলাম খোকন, কেয়ারের সিডর প্রকল্পের সমন্বয়কারী ড. মারুফ, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম, পুলিশ সুপার একেএম শহীদুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24