ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএ) চিকিৎসাধীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তিনি ভাইরাল ফিভারে ভুগছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার মেডিকেল বোর্ডের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার সকালে চিকিৎসকরা রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পরীা করেছেন। তিনি ভাইরাল ফিভারে ভুগছেন। এখন তার অবস্থার উন্নতি হচ্ছে।
জ্বর সম্পূর্ণ না সারা পর্যন্ত রাষ্ট্রপতিকে সিএমএইচ-এ ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
মঙ্গলবার দুপুরে সিএমএইচ-এ রাষ্ট্রপতিকে দেখতে যান প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এ সময়ে মেডিকেল বোর্ডের সদস্যরা রাষ্ট্রপতির সর্বশেষ শারীরিক অবস্থা প্রধান উপদেষ্টাকে জানান।
এর আগে সকালে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদও অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে সিএমএইচ-এ যান। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন ও প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন।
বঙ্গভবন থেকে পাঠানো রাষ্ট্রপতির চিকিৎসা সংক্রান্ত বুলেটিনে বলা হয়, জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালিকের নেতৃত্বে চিকিৎসক বোর্ড তাকে দেখছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন, মেজর জেনারেল এম এ মুইদ সিদ্দিকী, মেজর জেনারেল এম এ রাব্বানী, অধ্যাপক কে এম এইচ এস সিরাজুল হক, অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল আলিম ও কর্নেল এস এম মামুনুর রহমান।
জ্বরে আক্রান্ত হলে সোমবার রাতে ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার সকালে বলেন, "রাষ্ট্রপতির অবস্থা আগের চেয়ে একটু ভালো। সকালে তিনি নাস্তা করেছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএম/এএল/এসএনডি/এমএ/১৭৫০ ঘ.
bdnews24