২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নকসী কাঁথার মাঠ' এর নায়ক রূপা আর নেই

পল্লীকবি জসীম উদ্দিনের কালজয়ী কাব্যগ্রন্থ 'নকসী কাঁথার মাঠ' এর নায়ক রূপাই এর অনুপ্রেরণা রূপা মিয়া আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ময়মনসিংহ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লীকবি জসীম উদ্দিনের কালজয়ী কাব্যগ্রন্থ 'নকসী কাঁথার মাঠ' এর নায়ক রূপাই এর অনুপ্রেরণা রূপা মিয়া আর নেই। রূপা মিয়ার বড় ছেলে আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে নিজ বাড়িতে রোববার রাত সাড়ে ১১ টায় রুপা মারা যান। তার বয়স হয়েছিল ১০৭। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে ছাড়াও বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রূপার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসংখ্য মানুষ তাকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন। সোমবার বাদ জোহর শিলাসী নুর মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে রূপাকে দাফন করা হয়। গত বছর ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দিন ফাউন্ডেশন কবির জন্মদিনে তাকে সংবর্ধনা দিয়েছিল। ময়মনসিংহ অঞ্চলের লোক সংস্কৃতির উপাদান সংগ্রহের জন্য পল্লীকবি জসীম উদ্দিন যে সময় গফরগাঁওয়ে গিয়েছিলেন সে সময় উপজেলার বনগাঁ গ্রামে ধানকাটা নিয়ে বড় ধরনের দাঙ্গা হয়। সেই দাঙ্গায় শিলাসী গ্রামের যুবক তেজোদীপ্ত রূপা গফরগাঁওয়ের পে লাঠিয়ালদলের নেতৃত্ব দেন। কবি সেই দাঙ্গার ঘটনা 'নক্সী কাঁথার মাঠ'-এ তুলে ধরেন যাতে কেন্দ্রীয় চরিত্রটির নাম দেন রূপাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২০৩৬ঘ.