সাভার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে রোববার সকালে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরোহী।
নিহতের নাম- নজরুল ইসলাম বাদল (৩৪)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার শুকতা গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।
আহত ব্যক্তি হলেন- বাদলের চাচা হাজী মোশাররফ হোসেন (৫০)। তাকে ভর্তি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফেরদৌস ইসলাম জানান, বাদল ও তার চাচা মোটরসাইকেলে (ঢাকা- মেট্রো-হ-১৭-২৩৪৯) সাভার থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন বাদল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকার ণিক ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-জ-০৪-৯৮৬) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদল নিহত হন। আহত হন তার চাচা।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাছির উদ্দিন আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৩ ঘ.
bdnews24