রাজশাহী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূর্নীতি প্রতিরোধে অন্তত তিন মেয়াদে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা দরকার বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, "কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। দেশের দূর্নীতি প্রতিরোধের জন্য অন্তত তিনবার জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা দরকার।"
শুক্রবার বিকেলে রাজশাহীর একটি চাইনিজ রেস্তোরাঁয় 'জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ'-এ প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এ কথা বলেন।
তিনি বলেন, "খাদ্য সমস্যা মোকাবেলা, জ্বালানি সমস্যার সমাধান এবং সুষ্ঠু শিক্ষা নীতির জন্যও জাতীয় ঐক্যের দরকার। বিভিন্ন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের জন্য ২০০৪ সাল থেকেই আন্দোলন গড়ে উঠেছে।"
সংবিধানে ছোট দল, বড় দল বলে কিছু নেই উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, "নাগরিকদের ভোটের রায়েই ছোট দল বড় হয়। আর সব দলই নাগরিকদের প্রতিনিধিত্ব করে। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ট দলগুলো ছোট দলগুলোর মতামত উপেক্ষা করতে পারবে না। আর অবস্থায় পৌঁছাতে দরকার কার্যকর গণতন্ত্র।"
নাগরিক অধিকার পেতে তিনি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান ড. কামাল।
'জনগণ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক'- জাতীয় পরিচয়পত্রে এ কথা উল্লেখ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি তিনি আহ্বান জানান।
জাতীয় ঐক্যমঞ্চের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা সালাউদ্দিন বেবী, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মাসুম আহমেদ টিপু, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি বিজয় কুমার তালুকদার, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24