রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গত বছর ১১ জুন পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার পর নির্বিচারে পাহাড় কাটা বন্ধে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনার এক বছর পেরিয়ে গেলেও এ সংক্রান্ত আইন এখনও হয়নি। দুটি খসড়া তৈরি এবং বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল আইন প্রণয়নের প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোন ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে পাহাড় কাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি যুক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন করার প্রক্রিয়া চলছে।
গত বছর ১১ জুন টানা বর্ষণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় পাহাড় ও দেয়াল ধসে ১২৭ জন মারা যায়। পরদিন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ চট্টগ্রাম সফরকালে নির্বিচার পাহাড় কাটা রোধে নতুন আইন করার ঘোষণা দেন। ধসের কারণ অনুসন্ধানে গঠিত দুটি তদন্ত কমিটিও পাহাড় সুরক্ষায় নতুন আইন প্রণয়নসহ বিদ্যমান বেশ কয়েকটি আইন সংস্কারের সুপারিশ করে।
প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই নতুন আইন তৈরির উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এনএম সিদ্দিককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক গত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি একটি খসড়া তৈরি করে। ঢাকায় পরিবেশ অধিদপ্তর থেকেও আরও একটি খসড়া তৈরি করা হয়। দুটি খসড়াই পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।
তিনি বলেন, "আইন মন্ত্রণালয় দুটি খসড়া সমন্বয় করে একটি স্বতন্ত্র খসড়া চূড়ান্ত করতে পরিবেশ অধিদপ্তরে ফেরত পাঠায়। মাস চারেক আগে তা করে পুনরায় আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।"
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিবেশ) রবীন্দ্রনাথ রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাহাড় কাটা নিয়ন্ত্রণে বিদ্যমান 'পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫' এ সংশোধনী আনা হচ্ছে। এতে বেশ ক'টি সুপারিশ রেখে অচিরেই উপদেষ্টা পরিষদে তা পাঠানো হবে।"
তিনি আরও বলেন, "ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পরিবেশ সংরক্ষণ সম্পৃক্ত করার বিষয়ে ইতোমধ্যে আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে।"
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাহাড় কাটা রোধে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ সংশোধনের প্রক্রিয়া চলছে। পাহাড়-টিলার সংজ্ঞা নিরূপণ করে ২০০৭ সালের ১০ জুলাই একটি গণবিজ্ঞপ্তি (গেজেট নোটিফিকেশন) জারি করে ভূমি মন্ত্রণালয়। এতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা নিষিদ্ধ করা হয়েছে। শাস্তি হিসাবে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড কিংবা ১০ লাখ টাকা জরিমানা ও উভয়দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
কর্মকর্তারা জানান, পাহাড় কাটা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনও আইন নেই। একটি গণবিজ্ঞপ্তি (সার্কুলার) দিয়ে বর্তমানে কাজ চালানো হচ্ছে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ এবং পরিবেশ আদালত আইন-২০০০ এর কোথাও পাহাড় কাটার বিষয়ে সুস্পষ্ট কোনও ধারা নেই।
আইন করার পদক্ষেপ হিসেবে চট্টগ্রামে গঠিত কমিটি ওই সময় ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯, ইট পোড়ানো নিয়ন্ত্রণ বিধিমালা-১৯৮৯, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭, পরিবেশ আদালত আইন-২০০০, ইমারত আইন-১৯৫২, ইমরাত নির্মাণ বিধিমালা-১৯৯৬, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন-১৯৫০ এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি সংশোধন করে যুগোপযোগী ও কার্যকর করার সুনির্দিষ্ট সুপারিশও করেছিল।
নতুন আইন না হওয়ায় এসব সুপারিশের কোনটি এখনও কার্যকর হয়নি বলে সদস্য সচিব নাজমুল হক জানান। এ কারণে পাহাড় দখল ও কাটার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, "চট্টগ্রামের পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের হাত-পা এক প্রকার বাঁধা। বর্তমান পরিবেশ আইনে পাহাড় কাটা নিয়ে কোনও ধরণের ব্যাখ্যা-বিশ্লেষণ নেই। এমনকি এতে পাহাড়ের সংজ্ঞাও নেই। তাই কেউ পাহাড় কাটলে অধিদপ্তর আইন অনুযায়ী কেবল তাকে নিষেধ করতে পারে।"
পাহাড় কাটার বিরুদ্ধে বর্তমানে ইমারত নির্মাণ আইনে মামলা করতে হচ্ছে বলেও তিনি জানান।
নাজমুল হক বলেন, "কার্যকর আইন না থাকায় পরিবেশ ধ্বংসকারীরা অনেক বেশি প্রভাবশালী হওয়ায় অধিদপ্তর উল্টো বেকায়দায় পড়ছে। মামলা করায় এ পর্যন্ত অধিদপ্তরের বিরুদ্ধে ১১টি আদালত অবমাননা মামলা এবং ৭৪টি রিট হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আইনি সহায়তার জন্য একজন আইনজীবীও নেই।"
চট্টগ্রাম পরিবেশ আদালতের আইনজীবী শফিউল মোরশেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু গণবিজ্ঞপ্তি দিয়ে বর্তমানে পাহাড় কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এ কারণে যারা পাহাড় কাটছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।"
পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাই নতুন আইন প্রণয়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আওতা না থাকায় পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতও ব্যবস্থা নিতে পারছে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ৫৩ ধরনের অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য অধ্যাদেশ রয়েছে। এর মধ্যে কোনও অধ্যাদেশেই পাহাড় কাটার সংক্রান্ত কোনও বিধি নেই।
এ বিষয়ে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক জানান, ওই তালিকায় পাহাড় কাটাকে অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি।
চট্টগ্রামভিত্তিক পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের আহবায়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের মোট ভূমির ১২ শতাংশ পাহাড়-টিলা রক্ষায় কোনও আইন নেই- এই সময়ে তা ভাবতেই অবাক লাগে। অথচ মজার বিষয় হলো, বর্তমান আইনে পাহাড় কাটার পক্ষেই বিভিন্ন ধারা রয়েছে।"
প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট ঘোষণার এক বছর পরও নতুন আইন না হওয়াকে হতাশজনক উল্লেখ করে তিনি বলেন, "সেসময় সবাই নানা উদ্যোগের কথা বললেও সবকিছু কাগজে কলমে ও ঘোষণাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। ১১ জুনের মানবিক বিপর্যয়ের পরও বর্তমান সরকারের আমলে জনগুরুত্বপূর্ণ এমন বিষয়ে কেন গড়িমসি করা হচ্ছে তা বোধগম্য নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমআই/১৩০৭ ঘ.
bdnews24