২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালার সীমাবদ্ধতায় সার্ক অঞ্চলে মানব পাচার রোধ ব্যহত হচ্ছে

সংশ্লিষ্ট সার্ক নীতিমালায় সীমাবদ্ধতা থাকায় এ অঞ্চলে মানব পাচার রোধে কার্যকর ভূমিকা নেওয়া যাচ্ছে না বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা এ অভিমত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংশ্লিষ্ট সার্ক নীতিমালায় সীমাবদ্ধতা থাকায় এ অঞ্চলে মানব পাচার রোধে কার্যকর ভূমিকা নেওয়া যাচ্ছে না বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা এ অভিমত দেন। রাজধানীর ব্র্যাক সেন্টার ইন- এ মানব পাচার বিষয়ে সার্কের নীতিমালার ওপর এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জাতীয় প্রকল্প কর্মকর্তা নিশাত চৌধুরী অনুষ্ঠানে বলেন, "মানব পাচার সংক্রান্ত সার্কের নীতিমালা অনুযায়ী পুরুষ ব্যক্তি পাচারকে মানব পাচার হিসেবে গণ্য করা হয় না। এ ব্যাপারে সার্কের সংজ্ঞা খুব সীমাবদ্ধ।" সার্ক নীতিমালায় বলা হয়েছে, 'মানব পাচার মানে নারী বা শিশুর কেনা-বেচা, পাচার করা বা দেশ বা দেশের বাইরে পতিতাবৃত্তিতে তাদের বাধ্য করা অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করা।' মানব পাচারকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অপরাধ আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান বলেন, এটা প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা থাকা উচিত। মিজানুর রহমান বলেন, "প্রচুর বাংলাদেশীকে ভারতের ভেলোরে পাচার করা হয় এবং সেখানে তাদের কিডনি দিতে বাধ্য করা হয়।" সার্কের নীতিমালায় মানব পাচার সংজ্ঞার সীমাবদ্ধতা থাকায় এসব পাচারকৃত মানুষকে পরে উদ্ধার করা এবং তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া যায় না বলে তিনিও মন্তব্য করেন। আইওএম- এর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, "সার্ক নীতিমালার একটি দুর্বল দিক হলো, এ বিষয়ে সদস্য দেশগুলোর জন্য কোনো সমন্বিত ব্যবস্থা নেই। এছাড়া নীতিমালাটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংশোধনেরও কোনো ব্যবস্থা নেই।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আবিদা ইসলাম বলেন, "মানব পাচার বিষয়ে সার্ক নীতিমালার আরও বিস্তৃতি দরকার বলে মনে করে বাংলাদেশ। এ বিস্তৃতি ধীরে ধীরে হওয়া উচিত কারণ এ মুহূর্তেই এ ব্যাপারে সংজ্ঞা পাল্টে ফেললে তা বাস্তবায়ন কঠিন হতে পারে।" ২০০১ সালে 'পতিতাবৃত্তির জন্য নারী ও শিশু পাচার রোধ' বিষয়ক সার্ক নীতিমালা স্বাক্ষরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২২১ঘ.