চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকায় সোমবার এক ইউপি সদস্যসহ দুই জনের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। তাদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন আরও তিনজন।
সকালের এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ২৫ জনকে আটক করেছে পুলিশ।
যাদের কব্জি কেটে নেওয়া হয়েছে তারা হলেন- খানখানাবাদ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য রশিদ আহমদ (৪০) এবং একই ইউনিয়নের মঞ্জুর আলম (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রশিদ ও মঞ্জুর বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার পথে ৩০/৩৫ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ ২৫ জনকে আটক করে এবং একটি বন্দুক ও ছয়টি কিরিচ উদ্ধার করে।
স্থানীয় একটি পত্রিকার সংবাদদাতা উজ্জ্বল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও বেদম মারধর করে। এক পর্যায়ে তারা রশিদ ও মঞ্জুর কব্জি কেটে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়। তাদের হামলায় আরও তিনজন আহত হয়।
উজ্জ্বল জানান, চিংড়ি ঘের নিয়ে একই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুরের সঙ্গে রশিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/০০০৩ ঘ.
bdnews24