রাজবাড়ী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী শহরের অদূরে পদ্মা নদীতে সোমবার সন্ধ্যায় ঝড়ে প্রায় ১০০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। রাতের দিকে দুই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ৩০ জন। বাকিরা সাঁতরে কূলে উঠেছে।
নিহত দুজন হলেন- জাহানারা বেগম (২৭) ও ভানু বেগম (৫৫)।
কূলে ওঠা কয়েকজন যাত্রী জানান, ট্রলারে প্রায় একশ' যাত্রী এবং ৯০ বস্তা বাদাম ছিল। সব যাত্রী সদর উপজেলার লালগোলা এলাকার। এরা সবাই একটি চরে বাদাম তুলে লালগোলা ফিরছিল।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, দমকল ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
জেলা প্রশাসক ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসন স্থানীয়ভাবে দুটি ট্রলার দিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঝড় ও স্রোতের কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।
নিখোঁজদের আত্মীয়স্বজনরা জানিয়েছেন, সদর উপজেলার চর মৌকুলী থেকে কৃষকরা বাদাম তুলে লাল গোলা এলাকায় বাড়ি ফেরার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১৪৮ ঘ.
bdnews24