রাঙামাটি, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘাইছড়ি উপজেলার সিজক এলাকা থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মো. সেলিম (৩৬) নামে এক ঠিকাদারকে অপহরণ করেছে।
চাঁদা না দেওয়া তাকে গত শনিবার অপহরণ করা হয় বলে এলাকার লোকজনের বরাত দিয়ে বাঘাইছড়ির স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন।
ওই সাংবাদিক জানান, বাঘাইছড়ি উপজেলার সিজকের বটতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি ব্রিজ হচ্ছে। এ ব্রিজ নির্মাণের ঠিকাদারির কাজ করছেন সেলিম। তিনি শনিবার দুপরের দিকে পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরের বাসা থেকে সিজকে কাজ তদারকি করতে যান। এ পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মূখে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তিনি জানান, অপহরণকারীরা সেলিমের কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল। তিনি ৫০ হাজার টাকা দিয়েছিলেন।
বাঘাইছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দীন জানান, সেলিমকে উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি বিডিআর ও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।
তিনি বিষয়টি তদন্তের জন্য সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন মহিউদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24