চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় সোমবার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত এবং নয় জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, আবু তাহের (৩৫)। তার বাড়ি সীতাকুণ্ড সদর উপজেলায়।
আহতদের মধ্যে চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- দীপক দাশ, আমীর হোসেন, আবু সুফিয়ান ও জমির উদ্দিন। এরা সবাই আরব বাংলাদেশ ব্যাংক এর সীতাকুণ্ড শাখার কর্মচারী।
আহতদের উদ্ধৃতি দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম শহর থেকে মীরসরাইগামী বাসটি সকাল সাড়ে ৮টার দিকে কুমিরার নিমতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক জন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় কমপক্ষে ১০ জন।"
আহতদের মধ্যে পাঁচজনকে চমেক হাসপাতালে আনা হয় জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "হাসপাতালে আবু তাহেরের মৃত্যু হয়।"
চিকিৎসাধীন অপর চার জন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে।
সীতাকুণ্ডের সাংবাদিক মুহাম্মদ মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24