২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে রেলকর্মীসহ দুই জন নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মীসহ দুই জন নিহত হয়েছে বলে রেল পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 07:41 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

কুমিল্লা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মীসহ দুই জন নিহত হয়েছে বলে রেল পুলিশ জানিয়েছে। এর মধ্যে কুমিল্লা রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে গোমতী সেতুর কাছে রোববার রাতে নিহত হয় রেলের টেলিকম কর্মচারী মো. হায়দার (৫০) এবং সোমবার ভোরে জেলা শহরের শাসনগাছায় মারা যায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক। কুমিল্লা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. জাকারিয়া শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুমিল্লা রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোমতী সেতুর কাছে রোববার রাতের কোনও এক সময় লাকসামে কর্মরত রেলের টেলিকম কর্মচারী মো. হায়দার ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তিনি কখন কিভাবে ট্রেনের নিচে কাটা পড়েন, তা জানা যায়নি।" সোমবার ভোরে হায়দারের লাশ উদ্ধার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এদিকে সোমবার ভোরে জেলা শহরের শাসনগাছায় ঢাকা থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক (২৫) নিহত হন। পুলিশ কর্মকর্তা হায়দার জানান, ট্রেনে কাটা পড়ে দুই জনের মারা যাওয়ার ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৩৫ ঘ.