২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনদের সুযোগ করে দিতে চাকরির বাজার বাড়াতে হবে: রাষ্ট্রপতি

কর্মসংস্থানের জন্য চাকরির বাজার বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দ্বাদশ সমাবর্তনে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসংস্থানের জন্য চাকরির বাজার বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দ্বাদশ সমাবর্তনে তিনি এ আহ্বান জানান। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত মানে পৌঁছতে পারেনি মন্তব্য করে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকাও প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে শিক্ষাদানে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছতে পারেনি। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান মূল্যায়নের সময় এসেছে।" তিনি সংশ্লিষ্টদের প্রতি শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, "প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাজুয়েট বের হয়ে আসছে। তারা চাকরিপ্রার্থী হিসেবে চাকরির বাজারে যুক্ত হচ্ছে। কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেকে চাকরি পাচ্ছে না।" চাকরির বাজার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ইয়াজউদ্দিন বলেন, "এ জন্য চাকরির বাজার বৃদ্ধি করে নতুনদের সুযোগ দেওয়ার আহ্বান জানাই। এতে নতুন গ্র্যাজুয়েটদের মেধাকে কাজে লাগিয়ে দেশও লাভবান হবে।" বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ব্যয় বেশি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি অনেক বেশি। অনেক গরিব ছাত্র এ খরচ বহন করে উচ্চ শিক্ষা চালাতে পারে না ।" এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক চার্লস এল কোগ্যাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক বজলুল মবিন চৌধুরী, পরিচালনা পর্ষদের প্রধান তৌহিদ সামাদ প্রমুখ। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫৪৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এমআই/১৪৪২ ঘ.