ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় কোনো শিল্প প্রতিষ্ঠান চলতে পারে না। এসব প্রতিষ্ঠানের কর্মীরা দায়িত্বপালন না করে মাস শেষে বেতনের আশায় বসে থাকেন। ফলে বছরের পর বছর লোকসানের ঘানি টানতে হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার দুপুরে নর্থ বেঙ্গল ডেভেলেপমেন্ট কাউন্সিল আয়োজিত '২০০৮-০৯ অর্থবছরের বাজেট ও উত্তরাঞ্চলের উন্নয়ন' র্শীর্ষক এক আলোচনা সভায় অর্থ উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি বলেন, "সরকারি উদ্যোগে পরিচালিত শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীরা ঠিকমতো দায়িত্ব পালন করে না। মাস শেষে বেতন পাওয়ার আশায় বসে থাকে। দায়িত্ব নিয়ে তারা কোনো কাজ করে না। এ কারণে বছরের পর বছর রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান মোটা অঙ্কের লোকসান দিয়ে চলছে।"
সরকারি চিনিকলের উদাহরণ দিয়ে তিনি বলেন, "উত্তরাঞ্চলের চিনিশিল্পকে বাঁচিয়ে রাখতে চাইলে রাষ্ট্রায়ত্ত কলগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প নেই।"
তিনি জানান, গত অর্থবছরের বাজেটে বাইরে আমদানি করা থেকে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি শুল্কহার এমনভাবে নির্ধারণ করা হয়েছিল, যাতে স্থানীয়ভাবে উৎপাদিত প্রতি কেজি চিনির দাম সাত থেকে আট টাকা কম থাকে। কিন্তু এরপরও স্থানীয় চিনি কারখানাগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।
অর্থ উপদেষ্টা বলেন, "দেশীয় চিনি শিল্প রক্ষার জন্য চিনি আমদানির ক্ষেত্রে বেশি শুল্ক আরোপ করা হলে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হবে। এজন্য ভোক্তাদের কথা বিবেচনা করে বাজেটে চিনি আমদানির ক্ষেত্রে সহনীয় শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।"
চলতি অর্থবছরের (২০০৭-০৮) বাজেটে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে শুল্ক হার ছিল চার হাজার টাকা। আর পরিশোধিত প্রতি টন চিনি আমদানিতে শুল্ক দিতে হতো পাঁচ হাজার টাকা। প্রস্তাবিত নতুন বাজেটে অপরিশোধিত চিনির টনপ্রতি আমদানি শুল্ক চার হাজার টাকাই রাখা হয়েছে। আর পরিশোধিত চিনির শুল্ক বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে।
আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, "দেশে আঞ্চলিক বৈষম্য দূর করতে তত্ত্বাবধায়ক সরকার একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি করেছিল। ওই কমিটি প্রতিবেদন দিয়েছে। শিগগিরই প্রতিবেদনটি প্রকাশ করে আঞ্চলিক বৈষম্য দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্বাচিত সরকার যাতে বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করে সেজন্য একটি ভিত্তি দাঁড় করিয়ে যাবে এ সরকার।"
উত্তরাঞ্চলের মঙ্গা সমস্যা দূর করতে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে প্রধান করে আরেকটি কমিটি করা হয়েছে বলেও তিনি জানান।
নতুন বাজেটে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়ছে। ভারতে মুল্যস্ফীতি সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৮ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। আমরা নতুন বাজেটে গড় মূল্যস্ফীতি ৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছি।"
বিদ্যুৎ উৎপাদন বাড়াতেও সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যে কয়েকশ' মেগাওয়াট বিদ্যূৎ জাতীয় গ্রিডে যোগ হবে।"
আলোচনায় অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান এম আজিজুর রহমান, সাবেক সাংসদ গোলাম হাবিব দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমইউএ/এসএনডি/জিএনএ/১৬৪৬ ঘ.
bdnews24