কক্সবাজার, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক বিএনপি নেতাকে শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত জবল চৌধুরী কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
রাত ৮টার দিকে এক দল সন্ত্রাসী কালারমারছড়া বাজারে জবল চৌধুরীর ওপর হামলা চালায় বলে জানিয়েছেন মহেশখালীর মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীরা জবল চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মুমূর্ষু জবল চৌধুরীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।"
জবল চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে চকরিয়ায় তার মৃত্যু হয় বলে তার পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সাংবাদিক সৈয়দুল কাদের জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহ্ম্মাদ শফিকুল ইসলাম জানান, মহেশখালী থেকে চট্টগ্রাম নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটলে জবল চৌধুরীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে আনার পর চিকিৎসকরা জানান, জবল চৌধুরী মারা গেছেন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকীর নেতৃত্বে এলাকায় অভিযান চালছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.
bdnews24