মিন্টু চৌধুরী, চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে এ বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার ঝুঁকি রয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন শতাধিক খাল সংস্কারের উদ্যোগ নিলেও পুরো কাজের ৮০ শতাংশ শেষ করতে পেরেছে। সংস্কার করা খালের দুই পাড়ে প্রস্তাবিত রাস্তা না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে খননের পর সেগুলো আবার ভরাট হতে বসেছে।
এছাড়া নগরীতে পাহাড় কাটা এবং ভূমিধসের কারণে কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়ায় বন্দর নগরীর জলাবদ্ধতা পুরোপুরি কাটবে না বলে সংশ্লিষ্টরা মনে করেন।
গত বছর ১১ জুন চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত পাহাড় কাটা, সাগরে জোয়ারের পানির অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং নগরীর খালসমূহ সংস্কার না হওয়াকে চিহ্নিত করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
এ দুর্যোগের পর নগরীর ৪১টি ওয়ার্ডে অবস্থিত ছোট-বড় ১৪৪টি খালকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচজন নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে খনন ও সংস্কার কাজ শুরু হয় ওই বছর নভেম্বর মাস থেকে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, এক নম্বর জোনে ১২.৫৯ কিলোমিটারের মধ্যে ৬.৬৫ কিমি, ২ নম্বর জোনে ২৮.৬৫ কিলোমিটারের মধ্যে ২১.৫৭ কিমি, ৩ নম্বরে ২১.৩৫ কিমি'র সবটুকু, ৪ নম্বরে ১৭.৭৯ কিমি'র মধ্যে ১৫.৬২ কিমি এবং ৫ নং জোনে ১৫.৭২ কিমি'র মধ্যে ১০.৫৫ কিমি খাল খনন করা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালগুলো গড়ে দুই পাশে বেড়েছে: শীতল ঝর্ণা ৬.১৩ মিটার, বামনশাহী ৫.৩৪ মিটার, মহেশ খাল ৯.১৬ মিটার। অপরদিকে শীতল ঝর্ণা গড়ে ৪.৮৫ মিটার, বামনশাহী ২.৪৪ মিটার, চাক্তাই ১.৫২ মিটার, সৈয়দ শাহ ১.২২ মিটার, বিরজা ১ মিটার এবং মহেশ খাল ১.৮৩ মিটার গভীরতায় বেড়েছে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম সমস্যা রয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন খনন ও সংস্কার না হওয়ার পর মাত্র সাত-আট মাসে এতগুলো খাল পুরোপুরি সংস্কার সম্ভব নয়। এজন্য যেমন সময়ের প্রয়োজন তেমনি অর্থও।"
তবে খাল খনন ও সংস্কার হওয়ায় জলাবদ্ধতা কমবে বলে দাবি করেন তিনি।
নগরীর ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম খাল খনন কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করেন।
তিনি বলেন, "প্রতি বছরই খাল খনন করতে হবে। এবার তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে করপোরেশনের উন্নয়ন প্রকল্প থেকে অর্থ বরাদ্দ দিয়ে খাল কাটানো হয়েছে।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরবর্তী বাজেটে খাল খনন ও সংস্কারের জন্য পৃথক বরাদ্দ রাখা হবে বলে তিনি জানান।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর চাক্তাই, রাজা খাল, চাক্তাই ডাইভারশনসহ অধিকাংশ খাল খনন ও দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় গভীরতা ও প্রস্থে বেড়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণ হচ্ছে না। নগরীর নালা-নর্দমা থেকে প্রতিদিন বয়ে যাওয়া বর্জ্য খালগুলোতে গিয়ে পড়লেও তা নিয়মিত অপসারণ করা হচ্ছে না।
এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে খালগুলো আগের অবস্থায় ফিরে যেতে বসেছে।
এ বিষয়ে বক্সির হাট ওয়ার্ডের কমিশনার জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাল শুধু সংস্কার করলে হবে না, সুষ্ঠু রক্ষণাবেক্ষণও প্রয়োজন।" তিনি জানান অর্থাভাবে নগরীর অধিকাংশ খালের পাশে রাস্তা তৈরি বন্ধ আছে।
জলাবদ্ধতা নিরসনের জন্য প্রতি বছরই খাল খনন ও সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেন।
সিটি করপোরেশনের কর্মকর্তারাও ওয়ার্ড কমিশনারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, শুধু এক বছর খাল খনন ও সংস্কার করলে চলবে না, পানি প্রবাহ ঠিক রাখতে প্রয়োজন নিয়মিত খনন। তা না হলে এর স্থায়ী সুফল পাবে না নগরবাসী।
খালগুলোকে কার্যকর রাখতে বাজেটে খনন ও সংস্কার কাজের জন্য সিটি করপোরেশন আলাদা বরাদ্দ রাখার চিন্তাভাবনা করছে বলেও তারা জানান।
কমিশনার জামাল হোসেন বলেন, সংস্কারকৃত খালের উভয় পাড় বাঁধানো হয়নি। সে কারণে ওই জায়গা আবার বেদখল হয়ে যেতে পারে। তিনি সমস্যার স্থায়ী সমাধানে খালের উভয় পাশে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।
নগরীর অধিকাংশ খাল খনন ও সংস্কার করায় এ মৌসুমে অন্যান্য বারের তুলনায় জলাবদ্ধতা কমবে বলে আশা করছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকাংশ খালের গভীরতা ও প্রস্থ' বেড়েছে। এ কারণে খালগুলো জোয়ারের সময় আগের চেয়ে বেশি পানি ধারণ করতে পারবে। তা ছাড়া এবার খালের পাশাপশি নগরীর নালা-নর্দমাগুলোও সংস্কার এবং অবৈধ দখলমুক্ত করা হয়েছে।"
নিজাম উদ্দিন মনে করেন, গভীরতা কম এবং পানিনিষ্কাশন ব্যবস্থা যথাযথ না হওয়ায় অতীতে জলাবদ্ধতা বেশি হয়েছে।
নগরীর জলাবদ্ধতা নিরসন অনেকাংশে কর্ণফুলী নদীর নাব্যতার ওপর নির্ভর করে বলে মনে করেন নগরীর ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলম।
তিনি বলেন, "ড্রেজিং না করা পর্যন্ত জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়। এ লক্ষ্যে আমি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/এমএইচবি/১৯৫১ ঘ.
bdnews24