ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরিয়ে এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ ও জরুরি বিধিমালার ১৫ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
দুর্নীতি দমন কমিশনের কমিশনার হাবিবুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, জরুরি বিধিমালা সংশোধনের জন্য আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও দুর্নীতি দমন কমিশনের দুই কমিশনার হাবিবুর রহমান এবং আবুল হাসান মঞ্জুর মান্নান।
বৃহস্পতিবার আইন উপদেষ্টার কার্যালয়ে এ কমিটির প্রথম সভা হয়।
সভা শেষে কমিটির সদস্য হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার বিভিন্ন প্রেক্ষাপটে জরুরি ক্ষমতা আইন ও বিধিমালার ১৫ ধারায় কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ আইন ও বিধিমালার কোনও অকার্যকর অংশ কার্যকর করা হবে কি হবে না, বিধি সংশোধন করে গ্রেপ্তারকৃতদের জামিন দেয়া যায় কি না- এসব বিষয় বিবেচনা করে দেখা হবে।
তবে এই সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কি না, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
পরে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার আস্থার পরিবেশ সুদৃঢ় করার চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করা হয়েছে। আরও কী কী করা যায় তা নির্ধারণের জন্যই আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯০৩ ঘ.
bdnews24