ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কসভোয় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ১২০ সদস্যের একটি দল বুধবার ঢাকা ছেড়েছে।
গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা একটি ফ্লাইটে পুলিশের দলটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২০ সদস্যের দলটির নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার এম খুরশীদ হোসেন। অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম মাহফুজুল হক, সহকারী মহাপরিদর্শক একরামুল হাবীবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে তাদের বিদায় জানান।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বর্তমানে কসভো, কঙ্গো, পূর্ব তিমুর, আইভরিকোস্ট ও সুদানসহ বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্বপালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/১৮৩৩ ঘ.
bdnews24