ঝিনাইদহ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে সামাউল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি একই উপজেলার পারগোপালপুর গ্রামের কেতাব আলীর ছেলে।
৩৫ বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ বদরুল হুদা জানান, রাত ৯ টার দিকে সামাউল ৫০ নম্বর সীমান্ত মেইন পিলার পার হয়ে ভারতীয় এলাকায় ঢুকলে উত্তর চব্বিশ পরগণা জেলার মধুপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
জিরো পয়েন্ট থেকে ৫০০ গজ দূরে ভারতের সীমানায় মারা যান তিনি। বৃহস্পতিবার সামাউলের লাশ উত্তর চব্বিশ পরগণার বাগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
লে. কর্নেল হুদা জানান, তার লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.
bdnews24