ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়েরকে ইন্দোনেশিয়ায় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদকে কাতারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করে।
এ ছাড়া উপসচিব পর্যায়ের নয় কর্মকর্তা পদেও রদবদল আনা হয়েছে।
এদের মধ্যে শিল্পকলা একাডেমির পরিচালক বিকাশ কিশোর দাসকে একই দপ্তরের সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব সালমা মাহমুদকে জাতীয় পুষ্টি কার্যক্রমের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সচিব সামসউদ্দিন আহমেদ, জাতীয় পুষ্টি কার্যক্রমের পরিচালক ইসরাফিল খন্দকার এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে বদলির আদেশ পাওয়া উপসচিব আব্দুর রবকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব ঝরনা বেগমকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব অশোক মাধব রায় ও ড. নাজমানারা খানুম এবং শিল্পকলা একাডেমির সচিব আশরাফুল মোসাদ্দেককে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24