২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

নরসিংদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সানখোলা এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

নরসিংদী, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সানখোলা এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। নিহত ইমরান (৩০) একাধিক মামলার ফেরারী আসামি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, পাঁচটি হত্যাসহ আরও কয়েকটি মামলার আসামি ইমরানকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। সানখোলা এলাকায় তার অবস্থানের খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ওই এলাকায় বুধবার অভিযান চালায়। জসিম উদ্দিন বলেন, "পুলিশ সানখোলা এলাকায় পৌঁছলে ইমরানের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয় কনস্টেবল জাহিদ। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইমরান। আধা ঘণ্টাকাল গোলাগুলির পর অপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে তার লাশ উদ্ধার করা হয়।" ঘটনাস্থল থেকে একটি টুটু বোরের বিদেশি পিস্তল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। জেলা পুলিশ সুপার শাহাবুদ্দীন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত পুলিশ সদস্য জাহিদকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৮ ঘ.