২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশন ও পৌরসভায় একইদিনে নির্বাচনের পরিকল্পনা

চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় একই দিনে নির্বাচনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এজন্য ২০ জুনের মধ্যে তফসিল ঘোষণা করতে চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় একই দিনে নির্বাচনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এজন্য ২০ জুনের মধ্যে তফসিল ঘোষণা করতে চায় তারা। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "২০ জুনের মধ্যে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে আমাদের। এর আগে সরকার প্রধানের সঙ্গে দেখা করে নির্বাচনের আগে-পরে আইন শৃঙ্খলার রক্ষার বিষয়ে আলোচনা করতে হবে। নির্বাচনী প্রচারণার উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়েও সরকারকে অনুরোধ করবে ইসি।" নির্বাচনের সময় কোনো কর্মকর্তা দায়িত্ব অবহেলা বা দলের হয়ে কাজ করলে তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে জানিয়ে এম সাখাওয়াত বলেন, "মোবাইল নেটওয়ার্ক চালু থাকলে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়ে কিনা- সেটিও তখন পরীক্ষা করে দেখা হবে।" ৭ জুন পর্যন্ত দেশে সম্ভাব্য ভোটারের ৯৫ শতাংশ নিবন্ধিত হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষের দিকে রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন এবং নয় পৌরসভা- শরীয়তপুর, সীতাকুণ্ড (চট্টগ্রাম), কক্সবাজার, গোলাপগঞ্জ (সিলেট), শ্রীপুর (গাজীপুর), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), মানিকগঞ্জ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) ও নওহাটায় (রাজশাহী) নির্বাচন করার কথা রয়েছে। এম সাখাওয়াত হোসেন জানান, আগামী ১২ জুন থেকে জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি শুরু হচ্ছে। ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষসহ সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ্য শুনানির মাধ্যমে আপত্তি নিষ্পত্তি হবে। শুনানির পরপর বা একদিন পরে রায় জানিয়ে দেওয়া হবে। আপত্তি আবেদন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে দেশের ৬টি বিভাগ থেকে ৯৫টি আসনের প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৩৮টি আসন, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ১৩টি, বরিশালে ৯টি, সিলেটে ৭টি ও খুলনার ৬টি আসন থেকে আবেদন এসেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১২, ১৪ ও ১৫ জুন ঢাকা বিভাগের আসনগুলোর শুনানি ইসির সম্মেলন কক্ষে; সিলেট সার্কিট হাউজে ১৯ জুন, কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ জুন, চট্টগ্রাম সার্কিট হাউজে ২৩ জুন, বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ জুন, খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ জুন এবং রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জুন শুনানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/১৯৪০ ঘ.