ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি চাষের ক্ষেত্রেও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়।
মঙ্গলবার বার্ক মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত 'পরিবেশবান্ধব চিংড়ি চাষ' শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
দেবাশীষ রায় বলেন, "যদিও চিংড়ি চাষের সঙ্গে জীবিকার নিরাপত্তা জড়িত, তারপরও চিংড়ি চাষে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টিতে সবার আগে গুরুত্ব দিতে হবে। উপকূলীয় জীব বৈচিত্র্য যাতে রক্ষা পায়, সে দিকেও খেয়াল রাখতে হবে।"
এ ক্ষেত্রে সরকারের নজরদারির চেয়ে নিজস্ব তদারকি বেশি জরুরি বলে মন্তব্য করেন তিনি।
রাজা দেবাশীষ রায় বলেন, "খাদ্য নিরাপত্তার জন্য ধান চাষের যেমন প্রয়োজন আছে, তেমনি অর্থনৈতিক নিরাপত্তার জন্য চিংড়ি চাষকেও এগিয়ে নিতে হবে।"
কর্মশালায় মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার বলেন, "পরিবেশের ক্ষতি না করে আমাদের চিংড়ি উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে চিংড়ি চাষে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে কিনা, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।"
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনা পানি কেন্দ্র এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, "প্রচলিত চিংড়ি চাষে উপকূলীয় জলজ পরিবেশের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি ঘের চাষ মূলত পানি শোধনের কাজ করে এবং জৈব ভারসাম্য ধরে রাখে।"
জলবায়ু পরিবর্তনের ধারা এবং চলমান চিংড়ি চাষের ক্ষেত্রে যে কোনও সমস্যা সমাধানে বর্তমান চাহিদাভিত্তিক গবেষণা জোরদার এবং বিষয়ভিত্তিক দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর জোর দেন জাহাঙ্গীর আলম।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক(কারিগরি) মো. শাহজাহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক মো. আব্দুল ওয়াহাব প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৮১১ ঘ.
bdnews24